শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল আওয়ামী লীগ : তিন যুগের আধিপত্যর প্রথা ভাঙার উপক্রম
প্রকাশ: ১৭ জুন, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল আওয়ামী লীগ : তিন যুগের আধিপত্যর প্রথা ভাঙার উপক্রম

আশির দশক থেকে বরিশাল আওয়ামী লীগে একক নিয়ন্ত্রণ ছিল দলের জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর। তাঁর একাধিপত্য নিয়ে নেতাকর্মীর ক্ষোভ থাকলেও অজানা আশঙ্কায় তার বহিঃপ্রকাশ ঘটেনি কখনও। তিন যুগের সেই প্রথা ভাঙার উপক্রম হয়েছে এবার।

হাসানাত না চাইলেও দলীয় মনোনয়ন পেয়ে সোমবার বরিশাল সিটির মেয়র নির্বাচিত হন তাঁর ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ। হাসানাত তাঁর বড় ছেলে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন চেয়েছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে আবুল খায়েরকে ঘিরে বরিশাল আওয়ামী লীগে তৈরি হয়েছে নতুন বলয়। তাঁর বিজয়ে সমর্থকরা উজ্জীবিত। তাঁকে কেন্দ্র করে দলে নতুন মেরূকরণ হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি পর্যবেক্ষকরা। এতে কোণঠাসা হয়ে পড়তে পারেন আবুল হাসানাত।

জানা গেছে, হাসানাত পরিবারের সঙ্গে আবুল খায়েরের বৈরী সম্পর্ক বহু বছরের। সিটি নির্বাচনে বিষয়টি প্রকাশ্যে আসে। এতদিন রাজনীতির বাইরে থাকা খায়ের মেয়র মনোনয়ন পেলে পারিবারিক বিরোধ রাজনৈতিক বিরোধে রূপ নেয়। আওয়ামী লীগের একটি অংশ খায়েরের সঙ্গে যুক্ত হয়। এই অংশটি বিভিন্ন কারণে হাসানাত পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল। খায়েরপন্থিরা প্রতিহত করার ঘোষণা দেওয়ায় বরিশালে আসতে পারছেন না সাদিক আবদুল্লাহ। ভোটও দিতে আসেননি তিনি।

স্থানীয় রাজনীতির খোঁজখবর রাখা একাধিক পর্যবেক্ষক বলেছেন, স্বাধীনতার পর থেকে বরিশালে হাসানাতের আধিপত্য শুরু। ১৫ আগস্ট ট্র্যাজেডির পর বহু বছর বরিশালের বাইরে ছিলেন তিনি। পরে ফিরে এসে আশির দশকের মাঝামাঝি সময়ে দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ২০১৩ সালে সভাপতি হন। উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসে হাসানাত পুত্র সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে সিটি মেয়র ও ২০১৯ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও যুগের পর যুগ হাসানাতের পরিবারের নিয়ন্ত্রণে। আবুল খায়ের মেয়র নির্বাচিত হওয়ার পর এর অবসান চাচ্ছেন তাঁর সমর্থকরা।

বিলুপ্ত শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, গত ৪৫ বছর বরিশালে ব্যক্তি ও পারিবারিক বন্দনার রাজনীতি হয়েছে। হাসানাত পরিবারের মতের বাইরে কিছুই হতো না। তিনি বলেন, আবুল খায়েরের বিজয়ে বরিশাল আওয়ামী লীগে নতুন সূর্যোদয় হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি, হাসানাত পরিবারকে বাদ দিয়ে বরিশালে রাজনীতি ও বিজয় দুটিই অর্জন করা যায়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি বাতিল করে বরিশালে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গঠন করা হোক। এর নেতৃত্ব দেবেন খায়ের আবদুল্লাহ।

বরিশাল আওয়ামী লীগ যে হাসানাত পরিবারকেন্দ্রিক ছিল, তার প্রমাণ মেলে কমিটি গঠনেও। ২০১৩ সালে গঠিত জেলা কমিটির সভাপতি হন আবুল হাসানাত আবদুল্লাহ, সহসভাপতি ছিলেন তার স্ত্রী শাহান আরা আবদুল্লাহ। সদস্য ছিলেন মেজ ছেলে মইন আবদুল্লাহ, ছোট ছেলে আশিক আবদুল্লাহ ও শ্যালক কাজী মফিজুল ইসলাম কামাল। ২০১৯ সালে গঠিত মেয়র সাদিকের নেতৃত্বাধীন মহানগর কমিটির সদস্য হন তাঁর স্ত্রী লিপি আবদুল্লাহ, হাসানাতের আরেক শ্যালক কাজী নজরুল ইসলাম, চাচাতো ভাই আমান সেরনিয়াবাত ও ফুফাতো ভাই মোস্তফা কামাল।

এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে আশিক আবদুল্লাহ এবং বরিশাল-৩ (মুলাদী-বানারীপাড়া) আসনে মইন আবদুল্লাহ মনোনয়ন পেতে ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিলেন বলে দলের বিভিন্ন সূত্র জানিয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু  বলেন, বরিশাল আওয়ামী লীগে এতদিন জবরদখলের রাজনীতি হয়েছে। এবারের নির্বাচনে আবুল খায়ের মেয়র নির্বাচিত হওয়ায় বরিশাল আওয়ামী লীগকে শিকলমুক্ত করার পথ তৈরি হলো।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল মহানগর শাখার সম্পাদক রফিকুল আলম বলেন, গত কয়েক যুগ বরিশাল আওয়ামী লীগ ব্যক্তিকেন্দ্রিক দল হিসেবে পরিচালিত হয়ে আসছে। বরিশালে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন হাসানাত আবদুল্লাহ। আবুল খায়ের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, রাজনীতিতে সমতা আনবেন। তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে বরিশাল আওয়ামী লীগে নিশ্চিত নতুন মেরূকরণ হবে।

উৎস : সমকাল




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »