প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩: ০৫
অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল (এএনআইসি)। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে এএনআইসির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানোর জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি শনিবারের দুপুরের মূল্যবান সময় তার জন্য বরাদ্দ করায় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির বলেন, এই ভূমির আদি অধিবাসী এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের তিনি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছেন। বাংলাদেশের মানুষ জানে, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যারা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, সংগঠনটি বিভিন্ন মুসলিম সম্প্রদায়কে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছে। এ জন্য তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশটির মূলধারার সমাজে মুসলমানেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।
মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com