আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত শনিবার পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলের কাছে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।রোববার দেওয়া এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। তবে নিহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছাকাছি এলাকায় নৌকাটি ডুবে যায়।সেনেগালের সংবাদমাধ্যম লে সোলেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।এদিকে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর বিপজ্জনক সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে অভিবাসীবাহী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার এ ঘোষণা দেওয়া হয়।দ্বীপটির প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন। অভিবাসীদের ক্রমবর্ধমান আগমনের চাপ সামাল দিতেই এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।সূত্র: আল জাজিরাএআরবি
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com