প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১: ৪১
ইয়েমেনের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটিতে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হুথিদের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন। সংকট নিরসনে জাতিসংঘের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় সমর্থন দিতেও গোষ্ঠীটির প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি এসব কথা বলেন। তিনি জানান, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটির মানবিক সংকট আরো গভীর হয়েছে। এতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, হুথিদের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনের তাইজ শহরে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়েছে। হাসপাতালগুলোতে জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের আটক রাখার ঘটনায় হুথিদের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। আটক অবস্থায় জাতিসংঘের কর্মী মোহাম্মদ আল-শামির মৃত্যুর ঘটনায় একটি স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে দেশটি।
নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতির কূটনৈতিক সমাধান প্রয়োজন।’
তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং ইয়েমেনের জনগণের নেতৃত্বে ও মালিকানায় পরিচালিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com