প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২: ১১
ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৭ সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানের বিরুদ্ধে আরেকটি বড় ধরনের বোমা হামলা চালানোর তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তিনি। তবে নতুন বছরের আগে হামলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার পৃথক দুটি সাক্ষাৎকারে ট্রাম্প তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এ অবস্থান জানান। চীন সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এ বিষয়ে বছরের শুরু হওয়ার পর আপনার সঙ্গে কথা বলব।’ তিনি আরো বলেন, ‘আমাদের হাতে সময় আছে।’
একই দিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে আমি তাড়াহুড়ো করছি না। নতুন বছরের শুরুতে কী ঘটে, তা আমরা দেখব।’ ফক্স নিউজকেও তিনি বলেন, ‘১ জানুয়ারির পর দেখা যাবে কী হয়।’
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কারণ কী?
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য এসেছে। তেহরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাব্য বিকল্পগুলোও পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর আরো চাপ প্রয়োগের সুযোগ দিতেই ট্রাম্প সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন। এতে তেহরানকে ছাড় দিতে বা আলোচনায় বসতে বাধ্য করার সময় পাওয়া যাবে।
তবে এর পেছনে রাজনৈতিক হিসাবও থাকতে পারে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে সামরিক পদক্ষেপ অনুমোদনের জন্য যথেষ্ট সময় হাতে রাখতে চাইতে পারেন ট্রাম্প।
তবে অ্যাক্সিওস সতর্ক করেছে, প্রেসিডেন্ট যেকোনো সময় তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। ফলে নতুন বছর পর্যন্ত অপেক্ষার ঘোষণা দেওয়ার অর্থ এই নয় যে তার আগে ইরানে হামলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
ইসরা ই লের সঙ্গে যৌথ হামলার বিকল্পও বিবেচনায়
গত সপ্তাহে ইরানে নতুন করে বড় ধরনের হামলার সম্ভাবনাকে ‘বেশ কম’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালানোর বিষয়টি এখনো তার বিবেচনায় রয়েছে।
সম্ভাব্য সামরিক পদক্ষেপের মধ্যে রয়েছে—ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলা, যার মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাও রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা। ইরানের সামরিক ও বেসামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা।
অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, সম্ভাব্য বিভিন্ন সামরিক পরিস্থিতিতে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা মূল্যায়ন করতে পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
বিশেষ করে ইরান পাল্টা হামলা চালিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। নতুন করে সংঘাত শুরু হলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা বুঝতেই এসব মূল্যায়ন করা হচ্ছে।
নেতানিয়াহুর চাপ, ওয়াশিংটনে মোসাদের প্রধান
ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফর করেন।
গত সপ্তাহে ওয়াশিংটন ও মিয়ামি সফরকালে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন।
এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে যুক্তি তুলে ধরতেই নেতানিয়াহু গোফম্যানকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন।
বৈঠকে ইরানের কথিত রাসায়নিক অস্ত্র গবেষণা নিয়েও আলোচনা হয়। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ইরান এ ধরনের অস্ত্রের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে এবং পরীক্ষা চালিয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
তবে তেহরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্পের বক্তব্য
ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে সিএনএনের একটি প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। ডার্টি বোমা হলো এমন একটি বিস্ফোরক, যাতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তা আশপাশে ছড়িয়ে দেওয়া হয়।
ফক্স নিউজের এক সাংবাদিক মার্কিন রাজধানীর বাসিন্দাদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার তা মনে হয় না।’
তবে ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এমন ইঙ্গিত রয়েছে যে ইরান গ্যাস ও জীবাণু অস্ত্র নিয়ে ভাবছে। কারণ, আমরা তাদের পারমাণবিক কর্মসূচির পথ বন্ধ করে দিয়েছি।’
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের ভাষ্য, সামরিক পদক্ষেপের পক্ষে জনমত তৈরি এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এর আগে সিএনএনের প্রতিবেদনটিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ইরান।
নির্বাচনে হারলেও যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির উল্লেখযোগ্য পরাজয়ের পর ট্রাম্পের এ বক্তব্য এসেছে। নির্বাচনের ফল অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।
নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভোট শেষ হলে ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে আরও আগ্রহী হবে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর প্রশাসন দাবি করে আসছে, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, ইরান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। তবে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
একই সিদ্ধান্ত আবার নিতে হলে নেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আরেকবার একই পরিস্থিতি এলে আপনি কি একই কাজ করবেন? এর উত্তর হ্যাঁ। কারণ, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।’
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে ইরান সংঘাত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন। দলের নির্বাচনী বিপর্যয়ের পেছনে যুদ্ধকে অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। পরে ট্রাম্প ইরানসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টা থেকে ভ্যান্সকে সরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
ভ্যান্সের মন্তব্য সম্পর্কে রয়টার্স জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তিনি যা বলেছেন, তা সঠিক ছিল।’
ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে ডেমোক্র্যাটদের সমর্থিত একটি প্রস্তাব বৃহস্পতিবার মার্কিন সিনেটে নাকচ হয়েছে।
প্রস্তাবটির পক্ষে ৪৮ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। অধিকাংশ রিপাবলিকান সিনেটর প্রশাসনের অবস্থানের পক্ষে ভোট দেন। তবে তিনজন রিপাবলিকান প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে মিলে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরান সংঘাত নিয়ে সিনেটে এটিই ছিল প্রথম ভোট।
অন্যদিকে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতাও বাড়ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় ছয়জন মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল।
ইরান যুদ্ধে ব্যয় ৪৮৩০ কোটি ডলার
ইরান যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী-বিষয়ক কমিটিকে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৩ নভেম্বর পর্যন্ত এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪ হাজার ৮৩০ কোটি ডলার ব্যয় হয়েছে।
এ ব্যয়ের মধ্যে সামরিক অভিযান পরিচালনা এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। তবে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির ব্যয় এতে ধরা হয়নি।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত আপাতত ২০২৭ সালের শুরু পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ইসরাইলের চাপ, ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি এবং তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে। ফলে নতুন বছরের আগেই সংঘাত আবারও বড় আকার ধারণ করার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: গালফ নিউজ, রয়টার্স, অ্যাক্সিওস, ফক্স নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com