ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।
প্রবল তুষারপাতের মধ্যে আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বদরিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকার কাছাকাছি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
.
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আমরা জোশীমঠের কাছে ছায়ী গ্রামের কাছের এলাকায় মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফের মাধ্যমে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে এয়ারলিফ্ট করে উন্নত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
.
রাজ্যের আরেক কর্মকর্তাও নিশ্চিত করে বলেছেন, সেখানে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।
জোশীমঠের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর বিশিষ্ট বলেন, ‘হ্যাঁ, সেখানে একটি দুর্ঘটনা ঘটে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী, আমাদের এসডিআরএফ দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমিও দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছি।’
.
গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে পাঁচটি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি অ-প্রাণঘাতী ঘটনা রয়েছে। এর মধ্যে আহত হওয়ার মতো জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ বা মাটিতে ঘটা নিরাপত্তা সম্পর্কিত প্রাণহানির ঘটনা অন্তর্ভুক্ত।
গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে সাতজন নিহত হন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com