প্রথম মিনিটেই গোল, চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ। এরপর লাল কার্ড, একের পর এক গোল—বাংলাদেশ ফুটবল লিগে আজকের দিনটা ছিল গোলেরই। চার ম্যাচে জাল কেঁপেছে ১৮ বার। এর মধ্যে দুই ম্যাচেই হয়েছে ১৩ গোল। কিংস অ্যারেনায় ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফর্টিস এফসি। বড় জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে ফর্টিস; আর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা।
কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর প্রথম মিনিটেই নেপালি উইঙ্গার মনীশ দাঙ্গির গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির হোসেন। শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে ঢাকা ওয়ান্ডারার্স। মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি দলটি।
প্রথমার্ধের শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে তাদের জন্য। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক জসিম উদ্দিন। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ওয়ান্ডারার্সকে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে আরও বিপর্যয়ে পড়ে ওয়ান্ডারার্স। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন সাব্বির। ৬৯ মিনিটে গোলের খাতায় নাম লেখান কিংসের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন। ৭৯ মিনিটে ওয়ান্ডারার্সের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ।
তাতেও থামেনি কিংসের গোল উৎসব। ৮৭ মিনিটে রবসনের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। যোগ করা সময়ে রাকিবের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাব্বির। তাতে ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।
গোলের উৎসবে পিছিয়ে ছিল না ফর্টিস এফসিও। তবে গোপালগঞ্জে প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়নের জালে একটি গোলও দিতে পারেনি ফর্টিস। বিরতির পর পাল্টে যায় চিত্র। ৫৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ফর্টিস। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান হোসেন।
৭৫ মিনিটে গোল করেন পা ওমর বাবু। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন তিনি। পঞ্চম গোলেও অবদান ছিল তাঁর। ওমর বাবুর বাড়ানো বল থেকে গোল করেন স্টিভেন চুকউডি। যোগ করা সময়ে রাফায়েল টুডুর গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফর্টিস। ম্যাচে বলের দখলেও ছিল ফর্টিসের একচ্ছত্র আধিপত্য। মাত্র ১৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখতে পেরেছে ব্রাদার্স।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com