নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শুক্রবার গভীর রাতে মন্ত্রী নগরীর কুশিঘাট এলাকায় আধুনিক প্রযুক্তির এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের চলমান কাজ ঘুরে দেখেন। এ সময় কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কড়া নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন।পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে শিগগিরই সিলেটে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।কুশিঘাটের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী নগরীর উপশহর এলাকায় যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের কাজ পরিদর্শন করেন। কাজের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com