প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮: ৩২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮: ৩৫
গাজা সিটিতে একটি ক্লিনিকে ইসরাইলের বিমান হামলায় দুই কর্মী নিহত হওয়ার পর গাজাজুড়ে নিজেদের কার্যক্রম চালাতে সমস্যায় পড়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। হামলার পর সংস্থাটির অন্যান্য কর্মীরাও কাজে যেতে ভয় পাচ্ছেন। এতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।
ব্রাসেলসে এমএসএফের জরুরি কার্যক্রম সমন্বয়ক জুলিয়েন বিনি আলজাজিরাকে এসব কথা বলেন। তিনি বলেন, ওই হামলার কারণে বিশেষ করে যে ক্লিনিকে হামলা হয়েছে, সেখানে কার্যক্রম চালিয়ে যেতে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এ ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ইসরাইলি হামলাটিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অসহনীয়’ বলে মন্তব্য করেন জুলিয়েন বিনি। হামলায় নিহত দুই ব্যক্তি ইসরাইলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী হামাস সদস্য ছিলেন বলে ইসরাইল যে দাবি করেছে, তা-ও প্রত্যাখ্যান করেন তিনি।
নিহত দুই ব্যক্তি হামাসের সদস্য ছিলেন—ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। জুলিয়েন বিনি বলেন, ওই দুই ব্যক্তি বহু মাস, এমনকি কয়েক বছর ধরে এমএসএফের সঙ্গে কাজ করছিলেন। তাদের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কখনো কোনো অভিযোগ বা সন্দেহের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সব প্রক্রিয়া অনুসরণ করেছে এমএসএফ। গত কয়েক বছরে এসব প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে। হামলার পর ইসরাইল তাদের কর্মীদের হত্যা করে আবার তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়েন বিনি বলেন, কর্মীদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় গাজায় তাদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এজন্য হামলার ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com