গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকার বহুতল একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম শাহীন হোসেন (৩৩)। তিনি উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
.
শাহীনের পরিবারের ভাষ্য, রাজেন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে থাকতেন শাহীন। লাশ উদ্ধারের ঘটনার পর আমেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।
শাহীনের বড় ভাই আজাহার আহমেদের ভাষ্য, গতকাল দুপুরে শাহীনের এক বন্ধুর কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে কক্ষের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল।
.
আজাহার আহমেদের দাবি, আমেনা খাতুনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে শাহীনের মনোমালিন্য চলছিল। এ কারণে প্রায় পাঁচ মাস শাহীন বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com