প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০: ০০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।
সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অনবতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি দোকান।
কোটালীপাড়ায় সংঘর্ষের কারণ
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাংচুর করা হয়।
সংঘর্ষের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতি সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।
অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com