ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত গ্রামের শিশুরা। আবার আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ করে দিতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াচ্ছে সরকার। মাঠের বাকি জমি কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ রোববার দুপুরে প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জমি কেনার অর্থের জোগান দিচ্ছে সরকার।
.
জাতীয় ক্রীড়া পরিষদে বাবুপুর গ্রামের কয়েকজন বাসিন্দা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিনুল হক। তাঁদের ডেকে এনে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারি সহায়তার সিদ্ধান্তের কথা জানান তিনি।
দেলদুয়ারের দেউলী ইউনিয়নের এই গ্রামে মাঠের জন্য স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ৫৯ শতাংশ জমি কিনেছেন। জমির মালিক আরও ১ শতাংশ দান করেছেন। সব মিলিয়ে এখন জমি আছে ৬০ শতাংশ। নতুন পরিকল্পনা অনুযায়ী, মাঠের জন্য মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। বাকি ১২০ শতাংশ কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, খেলার মাঠের জন্য যা যা প্রয়োজন, তা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশেই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের ডেকে সরকারি সহায়তার কথা জানানো হয়েছে। বাকি জমি কেনার অর্থ সরকার দেবে।
.
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাকি জমি কিনতে সরকার ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর প্রথম আলোয় গ্রামবাসীর এই উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন উদ্যোক্তারা জানান, আরও জমি কিনে মাঠটি বড় করতে চান তাঁরা। সরকারি সহায়তার সিদ্ধান্তে তাঁদের সেই উদ্যোগ এবার আরও এগিয়ে যাওয়ার সুযোগ এল।
খেলার মাঠ তৈরির অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রামবাসী নিজেদের অর্থে মাঠের জন্য জমি কিনেছেন। এখন সেই জমিসহ মোট ১৮০ শতাংশ জায়গায় সরকার মাঠ তৈরি করে দেবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের উদ্যোগে সরকার এভাবে পাশে দাঁড়াবে, এত বড় একটি মাঠ করে দেওয়ার পরিকল্পনা করবে, তা কখনো ভাবিনি। আমরা পুরো গ্রামবাসী এতটাই আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না। সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’
.গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com