মেহেরপুর পৌরসভায় যেখানে পানির উৎপাদন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার চার বছরেও চালু না হওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে একদিকে যেমন নাগরিকেরা সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে তাঁদেরই করের টাকায় করা প্রকল্প কার্যক্ষমতা হারাচ্ছে।
প্রথম আলোর খবর জানাচ্ছে, মেহেরপুর পৌরসভার সুপেয় পানির সংকট নিরসনে শহরের পশুর হাটসংলগ্ন এলাকায় নতুন ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণের কাজ ২০১৫ সালে শুরু করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২২ সালের এপ্রিলে নির্মাণকাজ শেষ হয়। ২০২৪ সালের নভেম্বরে শোধনাগারটি আনুষ্ঠানিকভাবে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
.
মেহেরপুর পৌরসভায় পানিসংকট যে কতটা প্রকট আকার ধারণ করেছে, সেটা পৌর শহরের বাসিন্দাদের ভাষ্যেই স্পষ্টভাবে উঠে এসেছে। পৌর কর্তৃপক্ষের সরবরাহ করা পানিতে ময়লা, পোকা ও শেওলা আসে। গোসল ও কাপড় ধোয়ার মতো কাজেই শুধু সেই পানি ব্যবহার করা যায়, পান করা যায় না।
পৌর কর্তৃপক্ষের হিসাব থেকেও দেখা যাচ্ছে, প্রতিদিন পানির চাহিদা প্রায় ১ কোটি ২০ লাখ লিটার। সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ লাখ লিটার। ফলে অনেককেই সাবমার্বিসল পাম্প বসিয়ে কিংবা পানি কিনে চাহিদা মেটাতে হচ্ছে। এতে একদিকে যেমন পানির অপচয় হচ্ছে, অন্যদিকে নাগরিকদেরও বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।
উদ্বেগজনক বিষয় হলো, শহরের পানি সরবরাহব্যবস্থার প্রায় ১৫০ কিলোমিটার পাইপলাইনের ৫৫ শতাংশে আয়রন জমে পানি সরবরাহ বন্ধ রয়েছে। কয়েকটি এলাকায় একেবারেই পানি পৌঁছাচ্ছে না। ফলে নতুন শোধনাগার চালু করলেই যে সমস্যার সমাধান হবে, তা-ও নয়। উৎপাদনের পাশাপাশি পানি নিরাপদভাবে মানুষের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থাটিও সচল করতে হবে।
.
এ ক্ষেত্রে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরস্পরবিরোধী বক্তব্য হতাশাজনক। অধিদপ্তর বলছে, শোধনাগারটি চালু অবস্থায় পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে পৌরসভা বলছে, প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল ও অর্থ না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠান শোধনাগার পরিচালনা করবে, তার প্রয়োজনীয় জনবল ও সক্ষমতা নিশ্চিত না করেই এত বড় প্রকল্প নেওয়া হলো কেন? আবার হস্তান্তরের পরও সেটি চালু না করার দায়ই-বা কে নেবে?
নতুন পানি শোধনাগার করার পরও এ অবস্থা চলতে দেওয়া যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভাকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দ্রুত প্রয়োজনীয় কারিগরি জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে নতুন শোধনাগারটি চালু করতে হবে। একই সঙ্গে পুরোনো পাইপলাইন সংস্কার বা প্রতিস্থাপন এবং নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। নাগরিকদের সুপেয় পানি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com