নতুন করে স্বাভাবিক ব্যাংকিং শুরুর পর ন্যাশনাল ব্যাংকের রাজধানীর মহাখালী শাখা নতুনরূপে সাজানো হয়েছে। শাখার প্রবেশ মুখেই কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গ্রাহকদের। তাঁদের করানো হচ্ছে মিষ্টিমুখ।
শাখার কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার শাখাটিতে টাকা তোলার পূর্বনির্ধারিত চাহিদা জমা পড়েনি। তবে গ্রাহকদের সঞ্চয়ী হিসাবে এক লাখ টাকা আর চলতি ও এসঅ্যান্ডডি হিসাবে দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত এমন ছয়জন গ্রাহক টাকা তুলেছেন।
মহাখালী শাখায় কথা বলে জানা যায়, যেসব গ্রাহক আগে টাকা তোলার চাহিদা জানিয়েছিলেন, তাঁদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়া হবে। এর বাইরে অন্য গ্রাহকেরাও এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন।
এই শাখায় মোট আমানতের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। রিটেইল বা খুচরা গ্রাহক কম। তবে ঋণের পরিমাণ অনেক বেশি, যার বড় অংশ খেলাপি।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রোববার শাখাটিতে ১৬ লাখ টাকা ও সোমবার ৩৫ লাখ টাকা উত্তোলনের চাহিদা আছে। সেভাবে প্রস্তুতিও রেখেছেন তাঁরা।
আজ সকালে মহাখালী শাখায় কথা হয় আবু বকর সিদ্দিক নামের এক গ্রাহকের সঙ্গে। তিনি অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মকর্তা। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি এই শাখায় লেনদেন করছেন। তিনি বলেন, আগে ছোট অঙ্কের টাকা তোলা গেছে। তবে আজ সঞ্চয়ী হিসাব থেকে এক লাখ টাকা তুলেছেন; টাকা তুলতে সমস্যা হয়নি তাঁর।
এদিকে নতুন করে স্বাভাবিক ব্যাংকিং শুরুর মধ্য দিয়ে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটিতে স্বাভাবিক কার্যক্রমে ফেরার জন্য ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে সোনালী ব্যাংক। এই ঋণের গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com