প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ৪১
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা হাতে একদল লোক টোলপ্লাজার সামনে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে লোকজনের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। পরে তাজেল মাদবরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকা থেকে তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর মহাসড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com