প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫: ৫৫
সরকারি দলের চাঁদাবাজি ও নিয়োগ-বাণিজ্য ফ্যাসিস্টদের প্রকাশ্যে মাঠে নামার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই, এটি তাদের আস্ফালন মাত্র। ২০০৪ সালের মতো ট্রাম্প কার্ডের নানা ধোঁয়াশা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেশের জনগণ দেবে না।
মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় মহানগর জামায়াত কার্যালয়ে ২০২৭-২৮ সেশনের মহানগরী মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, ফ্যাসিস্টরা নাশকতা চালিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। কোথাও কোথাও তাদের প্রতি অনুকম্পাও দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল, ‘যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে’। সেই কথা এখন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুজব প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তারা জানে, ফ্যাসিস্টরা ফিরে এলে রায় কার্যকর হবে। শেখ হাসিনার এত সাহস নেই যে তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার সাহস দেখাবেন। ২০০৪ সালে যেভাবে ট্রাম্প কার্ডের রাজনীতির মাধ্যমে হুলস্থুল পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখনো সেভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য রংপুর মহানগর জামায়াতের নতুন নেতৃত্ব ও কর্মপরিষদ গঠন করা হয়। এতে মহানগর নায়েবে আমির হিসেবে কেএম আনোয়ারুল হক কাজল, সেক্রেটারি হিসেবে রায়হান সিরাজী এবং সহকারী সেক্রেটারি হিসেবে আলামিন হাসান ও অ্যাডভোকেট কাওছার আলী নির্বাচিত হন। পাশাপাশি ১৩ সদস্যের পুরুষ কর্মপরিষদ ও ১৩ সদস্যের নারী কর্মপরিষদ গঠন করা হয়। নবগঠিত নেতৃত্বের পাশাপাশি মজলিসে শূরার সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান নবনির্বাচিত দায়িত্বশীল, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় সংগঠনের নতুন কার্যকালের দায়িত্ব পালনে তাদের সাংগঠনিক অঙ্গীকার ও আনুগত্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে অধিবেশনের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এ ছাড়া মহানগর জামায়াত ও মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিভিন্ন থানা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com