প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২: ৪৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও কলার ধরে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
আটক কর্মকর্তারা জানান, তাঁদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। এ সময় তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। কয়েকজন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়ার সময় কারও চশমা ভেঙে ফেলা হয়েছে, আবার কারও শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, এসব কর্মকর্তার সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানা পাঁয়তারা করছেন। তাঁদের বিরুদ্ধে ছাত্রদলের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।
সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আপনারা জানেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com