প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ১৪
ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের চাপ এবং সংরক্ষিত আয় কমে যাওয়ায় মূলধন ক্ষয় হয়েছে। এতে অনেক ব্যাংকের নিয়ন্ত্রক মূলধন ঋণাত্মক হয়ে পড়েছে। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে।
গত জুন শেষে ব্যাংক খাতের সিআরএআর দাঁড়িয়েছে ঋণাত্মক ৩.৮০ শতাংশে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩.১৭ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে মূলধন পর্যাপ্ততার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণের হার ন্যূনতম সাড়ে ১২ শতাংশ বজায় রাখতে হয়। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতি দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকে খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে উচ্চহারে প্রভিশন সংরক্ষণ করতে হয়, যা ব্যাংকের মুনাফা কমিয়ে দেয়। প্রভিশনের কারণে মুনাফা কমে যাওয়া বা লোকসান হলে ব্যাংকের মূলধন ক্ষয় হয়। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের মূলধন ঘাটতি সৃষ্টি বা আরো বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।
সিআরএআর ব্যাংকের আর্থিক সক্ষমতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক। এ সূচকের মাধ্যমে বোঝা যায়, ঝুঁকিপূর্ণ ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি হলে তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন ব্যাংকের রয়েছে কি না। এ অনুপাত ঋণাত্মক হয়ে যাওয়ার অর্থ হলো, ব্যাংকগুলোর নিয়ন্ত্রক মূলধন ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে নেতিবাচক অবস্থায় চলে গেছে। অর্থাৎ লোকসানের ধাক্কা সামাল দেওয়ার মতো মূলধন তো নেই-ই, বরং মূলধনই ঋণাত্মক হয়ে পড়েছে।
আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর ন্যূনতম মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশ। এর সঙ্গে অতিরিক্ত ২.৫ শতাংশ মূলধন সংরক্ষণ বাফার বা ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হয়। সব মিলিয়ে এ হার ১২.৫ শতাংশ হওয়া প্রয়োজন। অথচ বাংলাদেশে ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হার এখন ঋণাত্মক। দেশের ব্যাংক খাতের মূলধন সক্ষমতা ঋণাত্মক ধারায় চলে গেলেও প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ব্যাংক খাতের মূলধন পরিস্থিতি বেশ শক্তিশালী। জুন শেষে ভারতে এ হার ছিল ১৭.৭৮ শতাংশ, শ্রীলঙ্কায় ১৮.০৭ শতাংশ এবং পাকিস্তানে ১৯.৬ শতাংশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, ব্যাংক খাতের সার্বিক মূলধন পর্যাপ্ততার হার আরো কমেছে। তবে সার্বিক চিত্র দিয়ে সব ব্যাংকের অবস্থা বিচার করা ঠিক হবে না। কারণ, ব্যাংকভেদে মূলধন পরিস্থিতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে। বেসরকারি খাতের অনেক ভালো ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এসব ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার মারাত্মকভাবে ঋণাত্মক হওয়ায় সামগ্রিক ব্যাংক খাতের হারও নিচে নেমে গেছে।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন ও নতুন করে মূলধন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূলধন সংরক্ষণের শর্ত পূরণ করতে পারছে না, তাদের মুনাফা বণ্টন নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া ব্যাংক খাতের জন্য প্রণীত আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৩ সাল পর্যন্ত দেশের ব্যাংক খাত তুলনামূলকভাবে শক্ত অবস্থানে ছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দীর্ঘদিন আড়ালে থাকা আর্থিক অনিয়ম, ক্ষতি ও খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। এরপর থেকেই ব্যাংক খাতের আর্থিক সূচকে দ্রুত অবনতি দেখা যায়।
২০২৪ সালে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত ছিল ৩.০৮ শতাংশ। একই সময়ে ভারতে এ হার ছিল ১৬.৭ শতাংশ, পাকিস্তানে ২০.৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৮.৪ শতাংশ।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, বছরের পর বছর ধরে চলা অনিয়ম, দুর্নীতি ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ফলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন এসব ক্ষতির পুরো চিত্র প্রকাশ করা হয়নি। এখন প্রকৃত ক্ষতির চিত্র সামনে আসায় ব্যাংক খাতের বিভিন্ন আর্থিক সূচকে অবনতি দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মূলধন পর্যাপ্ততার অবনতির পাশাপাশি ব্যাংকগুলোর টিয়ার-১ মূলধনের অবস্থাও দুর্বল হয়েছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে টিয়ার-১ মূলধনের অনুপাত গত মার্চের ঋণাত্মক ৫.৬৯ শতাংশ থেকে আরো ০.৬৬ শতাংশ পয়েন্ট কমে জুনে ঋণাত্মক ৬.৩৫ শতাংশ হয়েছে। মূলত ব্যাংকগুলোর সংরক্ষিত আয় কমে যাওয়ায় এ পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
গত জুন শেষে ব্যাংকগুলোর সংরক্ষিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ২ লাখ ১১ হাজার ২৭ কোটি টাকা। গত মার্চ শেষে এ পরিমাণ ছিল ঋণাত্মক ২ লাখ ১ হাজার ৪৬৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে সংরক্ষিত আয়ের নেতিবাচক অবস্থান আরো বেড়েছে। লোকসানের কারণে সংরক্ষিত আয় কমে যাওয়ায় ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার ওপরও চাপ তৈরি হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার আগের প্রান্তিকের ১.০৮ শতাংশ থেকে কমে শূন্য.৮২ শতাংশে নেমেছে। এ হার নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার অনেক নিচে।
অন্যদিকে প্রচলিত ধারার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ৯.১১ শতাংশ থেকে কমে ৮.১৮ শতাংশ হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও চাপে ছিল। তবে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক বাদ দিলে বাকি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার সামান্য কমে ৭.৭৫ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ হয়েছে। তা সত্ত্বেও এ হার শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকগুলোর সামগ্রিক মূলধন পর্যাপ্ততার হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অবনতির অন্যতম বড় কারণ খেলাপি ঋণের ক্রমবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩২.৭৮ শতাংশ। গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২.২৬ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com