প্রশ্নটা করার সময়ই সাংবাদিককে শুধরে দিলেন নাজমুল হোসেন, ‘আম্পায়ারস কল’ বাংলাদেশের পক্ষে যায়নি এমন ঘটনা চারটি নয়, আসলে ৫টি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে জানালেন হতাশার কথাও।
১৭০ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারেই দুবার এলবিডব্লু থেকে বেঁচে যায় আম্পায়ারস কল পক্ষে যাওয়ায়। পরেও এমন ঘটনা ঘটেছে আরও তিনবার। কখনো রিভিউ নিয়ে সফল হয়নি বাংলাদেশ, কখনো আবার রিপ্লেতেই দেখা গেছে আম্পায়ারস কল বিপক্ষে গেলে আউট হয়ে যেতেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
.
এ নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক নাজমুল বলেছেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে ১৭০ রানের লক্ষ্য দেবেন, তখন আম্পায়ারস কল পাঁচটার মধ্যে তিনটা আপনার পক্ষে দরকার হবে। দুর্ভাগ্যবশত আজকে তা হয়নি। এটা খেলার অংশ। আম্পায়ারকে আপনি দোষও দিতে পারবেন না। এটা ধরে নিতে হবে যে আমাদের ভাগ্যে ছিল না।’
তবে এই ঘটনাকে অজুহাত হিসেবেও দাঁড় করাতে চাননি নাজমুল। সেই সুযোগ তাঁর নেইও। নিজেদের দ্বিতীয় ইনিংসে তাঁরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছেন, টেস্ট থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে সেটিই। অজুহাত না দিলেও আম্পায়ারস কল পক্ষে না আসায় খারাপ লাগার কথা লুকাননি নাজমুল, ‘যখন অনেক বেশি এমন হয় (আম্পায়ারস কল পক্ষে আসে না), মিথ্যা বলব না তখন স্বাভাবিকভাবেই একটু হতাশ লাগে।’
.চার দিনও লাগল না বাংলাদেশের হারতে.
প্রথম ইনিংসে ২৭ রানে লিড পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর তারা অলআউট হয়ে যায় ১৪২ রানে। তা-ও ৮ নম্বরে নামা নাঈম হাসানের ফিফটির সুবাদে এত রান করতে পেরেছিল বাংলাদেশ। তবু তারা যে লক্ষ্য দিতে পেরেছিল, তা নিয়ে বাংলাদেশের বিশ্বাস ছিল, ম্যাচটা তারা জিততে পারে।
নাজমুল বলেছেন, ‘উইকেটের যে অবস্থা ছিল, আমাদের বিশ্বাস ছিল এই রান ডিফেন্ড করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। অবশ্যই ওদেরকে একটু কৃতিত্ব দিতে হবে কিন্তু আমি বলব যে আমরা এই উইকেটে আরেকটু ভালো বল করতে পারতাম। আমরা খুব বেশি ভালো বল করিনি।’
তবে বাংলাদেশ অধিনায়ক মনে করেন, তাঁরা আসলে ম্যাচটা হেরে গেছেন প্রথম ইনিংসেই। প্রথম দিনটা ৩ উইকেটে ২১৩ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। এখান থেকে প্রথম ইনিংসে বড় কোনো সংগ্রহ গড়তে পারলে কাজটা সহজ হয়ে যেত পরের ইনিংসে। অথচ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেট হারিয়ে তারা ২৭২ রানে অলআউট হয়ে যায়।
এখানেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করেন নাজমুল, ‘আমার মনে হয়, এই ম্যাচে আমরা প্রথম ইনিংসেই ব্যাকফুটে চলে গেছি। উইকেট যেমন ছিল, তাতে প্রথম ইনিংসে আমরা যেভাবে দিন শেষ করেছি এবং ২১৩ রানে অলআউট হওয়ার পর প্রতিপক্ষ ২৭৩ রান করেছে, তাতে আমরা ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছি। আমরা জানতাম, পরের দিকে ব্যাটিং করাটা কঠিন হবে। তাই এত দূর না ভেবে বলব, ভুলটা আমরা প্রথম ইনিংসেই করেছি।’
.ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেট হারল বাংলাদেশ
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com