প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ৩৯
পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য, শ্রমিক নেতা ও অর্থনীতিবিদরা। তাঁরা বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত শ্রমিকবান্ধব মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত ‘পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বৈঠকে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সংসদ সদস্য (এমপি) সালাউদ্দিন আইয়ুবী ও নাজমুন নাহার নীলু, নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনবিসি ও বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী কামরুল ইসলাম, আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ, তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার আল মামুন রাসেল এবং আইবিডব্লিউএফের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।
গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক আতিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ এ শিল্পের শ্রমিকেরা তাঁদের শ্রম ও অবদানের তুলনায় ন্যায্য মজুরি এবং সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। শ্রমিকের মর্যাদা ও জীবনমান নিশ্চিত না হলে শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এমপি সালাউদ্দিন আইয়ুবী বলেন, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের নানা ধরনের হয়রানি, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হতে হয়। মালিকেরা যাতে বাস্তবসম্মতভাবে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি পর্যায়ে যথাযথ মনিটরিংয়ের অভাবে বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এমপি নাজমুন নাহার নীলু বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কতটুকু, তা বিবেচনা করা জরুরি। মালিক ও শ্রমিকের জীবনযাত্রার মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। বিশেষ করে পোশাকশিল্পে নারী শ্রমিকের সংখ্যা বেশি হলেও তাঁদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিশেষ সুবিধার বিষয়ে আলাদা গুরুত্ব দিতে হবে। গার্মেন্টসশিল্প বাঁচলে রপ্তানি বাঁচবে, দেশ বাঁচবে।
শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মজুরি বাড়ালে কোনো কারখানা বন্ধ হয়ে যাবে—এমন ধারণা সঠিক নয়। যৌক্তিক মজুরি চালু থাকলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ যৌক্তিক ও ন্যায়সংগত ছিল না। এবারও যেন কোনো অযৌক্তিক মজুরি নির্ধারণ করা না হয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও তাঁদের উত্থাপিত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। মজুরির বিষয়ে সুরাহা না করে শ্রমক্ষেত্রের বৈষম্য দূর করা সম্ভব নয়।
নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী ২৩ নভেম্বর মজুরি নিয়ে দর-কষাকষি হবে। শ্রমিকদের সন্তুষ্ট করতে না পারলে তাঁদের পক্ষের প্রতিনিধি হিসেবে নিজেদের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ওই বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে। প্রয়োজনে একই দিনে সমাধানের লক্ষ্যে বৈঠকের সময় বাড়ানো হবে। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের প্রস্তাবনাও কাজে লাগানো হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। যারা শ্রমিকের ঘাম ও কষ্টের মূল্যায়ন না করে উন্নয়নের কথা বলে, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ও দুর্ভোগ উপলব্ধি করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, দেশের শ্রমজীবী মানুষই রাষ্ট্রের প্রকৃত চালিকাশক্তি। অথচ তাঁদের জীবনমান উন্নয়নের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। দীর্ঘ পরিকল্পনার কথা না বলে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া প্রয়োজন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি শুধু কম নয়, অযৌক্তিকও। সস্তা শ্রমের ওপর নির্ভর করে শিল্প পরিচালনার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও যথাসময়ে মজুরি বোর্ড গঠন না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় যাওয়ার পর অবস্থান পরিবর্তন করা হয় কেন? শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের খুশি রাখতে উদ্যোক্তাদের যে অনানুষ্ঠানিক অর্থ ব্যয় করতে হয়, তা বন্ধ করতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক। তাঁদের অনেকেই অপুষ্টি ও রক্তশূন্যতায় ভুগছেন। প্রতিটি কারখানায় চিকিৎসাকেন্দ্র নিশ্চিত করার পাশাপাশি নারী শ্রমিকদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি এবং কারখানার আশপাশে শিশুদের জন্য কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আইবিডব্লিউএফের সহসভাপতি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে সরকারি ভর্তুকির মাধ্যমে হলেও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানা বন্ধ ও বেকারত্ব বাড়ছে। তিনি অবিলম্বে যৌক্তিক ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের উদ্দেশে কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান। তিনি বলেন, কারখানা শ্রমিকদেরই জীবিকার জায়গা, তাই ভাঙচুর কোনো সমাধান নয়। শ্রমিকদের হয়রানি ও বাসা থেকে ধরে পুলিশের হাতে দেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com