প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২০: ১৬
প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সহশিক্ষাসহ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। একই সঙ্গে সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।
দেওনার পীর বলেন, ধর্মীয় শিক্ষা যত দিন থাকবে, তত দিন ইসলাম টিকে থাকবে। আর ইসলাম টিকে থাকলে এই পৃথিবীও টিকে থাকবে। তাই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক পর্যায় থেকে সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে।
শনিবার গাজীপুরের কাপাসিয়ার দেওনা মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কওমি মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামারা অংশ নেন।
দেওনার পীর বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি। একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিশ্চিত করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ইসলামের বিষয়ে দেশের সব আলেম-ওলামা ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইসলামের মৌলিক আদর্শ ও মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা গোলাম আম্বিয়া, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা জাকারিয়া ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও শিক্ষকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com