কনসার্ট, সংগীত পরিবেশনা, লোকসংগীত, বাউলগান, নাটক মঞ্চায়ন, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পয়লা বৈশাখ (বাংলা নববর্ষ) উদ্যাপনসহ অন্যান্য আইনসম্মত ও শান্তিপূর্ণ সাংস্কৃতিক কার্যক্রম সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।
একই সঙ্গে এসব অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর এবং জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শক-শ্রোতাদের সুরক্ষা নিশ্চিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন (অভি) আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেছেন। রিট দায়ের করার বিষয়টি জানিয়ে বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট, নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদ্যাপন, বাউল সংগীতসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ও অনুষ্ঠানে বাধা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। এসব আয়োজনে যারা যুক্ত থাকবে, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশ চলছে। নিয়মিত আদালত বসবেন ২৫ অক্টোবর। নিয়মিত বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।’
এর আগে আইনসম্মত কনসার্ট, সংগীতানুষ্ঠান, লোকসংগীত, বাউলগান, নাটক, সিনেমা প্রদর্শনী, পয়লা বৈশাখ উদ্যাপন, নৌকাবাইচসহ সাংস্কৃতিক আয়োজনে হুমকি–বাধা ঠেকাতে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে গত ৯ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান আইনজীবী সাদ্দাম হোসেন। সরকারের তিন সচিব ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ওই নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বাধা, আপত্তি, প্রতিবাদ, নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিল এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবির মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে কিশোরগঞ্জে একটি কনসার্ট স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর প্রশাসনিকভাবে বাতিল করা হয়। একই সময়ে সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবিও উত্থাপিত হয়। ঢাকায় শিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। নোটিশের জবাব না পেয়ে রিটটি করেছেন বলে জানান আইনজীবী সাদ্দাম হোসেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com