মামুনুর রশীদ নোমানী :
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আহসান হাবিব কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ৩১ জুলাই '২২ তারিখ রোববার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।
শনিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আহসান হাবিব কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে কামরুল আহসান রুপম।
রুপম বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে বনানীর বাসায় নিয়ে আসা হয়। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ১১টায় বাসায়ই মারা যান তিনি।
উল্লেখ্য, আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার সর্বপ্রথম বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি করপোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি।
এ ছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন মেয়র কামাল। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। এর আগে বরিশাল মহানগর, পরে জেলা বিএনপির সভাপতি ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com