সারি সারি রাখা গাড়ি। পাশে রিকশা, ভ্যানগাড়ি। গাড়ির চালকেরা ফুটপাতের হকারদের কাছ থেকে পান কিনছেন। কেউবা মোবাইলে গেম খেলছেন। কেউ ঘুমাচ্ছেন ফুটপাতের বেঞ্চে। সড়ক দিয়ে যাওয়া রিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের চোখ দেয়ালের দিকে। সেখানে আঁকা বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের প্রতিকৃতি। তবে একটি প্রতিকৃতি দেখতে দেখতে পরেরটি চোখের আড়ালে চলে যাচ্ছে গাড়ির কারণে।
এটা রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের চিত্র। সম্প্রতি ফুটপাতটি সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে প্রতিকৃতি। পথচারীদের বসার জন্য রাখা হয়েছে বেঞ্চ, বসানো হয়েছে ডাস্টবিন। তবে সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের পাশেই সড়কের প্রায় পুরোটা দখল করে সারি সারি গাড়ি পার্ক করে রাখতে দেখা গেছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতের পাশের সড়কের বড় অংশজুড়ে প্রায় ২০টি গাড়ি পার্ক করা রয়েছে। সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি রয়েছে প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়ি। ফুটপাতটি নতুনভাবে সাজানো হলেও সড়কজুড়ে গাড়ি পার্কিংয়ের কারণে ব্যাহত হচ্ছে এর নান্দনিকতা।
ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের দায়িত্বে রয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। বিভাগটির প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজই ব্যবস্থা নিচ্ছি। এভাবে পার্ক করতে দেওয়া হবে না। দায়িত্বটা ট্রাফিকের হলেও আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে এর সামনে পার্কিং বন্ধ করা যায়, সে বিষয়ে কথা বলব।’
এদিকে ফুটপাতটির দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। মঙ্গলবার এই তিন গুণী ব্যক্তিত্বের ছবি আঁকা হয়। এর আগে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল। তবে তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে।
৫ অক্টোবর সোমবার সকালে সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com