● ●


নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী

মায়ের মৃত্যুর পর রাজধানী ঢাকায় একটি চাকরি নেন ইয়াকুব আলী। চাকরির জন্য প্রয়োজন হয় জন্মসনদের। আপন মায়ের নামের জায়গায় সৎমায়ের নাম বসিয়ে জন্মসনদ তৈরি করে দেন বাবা আজগর আলী। পরে জন্মসনদ অনুযায়ী জাতীয় পরিচয়পত্রও তৈরি হয়। কাগজে–কলমে সৎমায়ের সন্তান হিসেবে ইয়াকুবের কেটে যাচ্ছে প্রায় দেড় যুগ।

তবে বিপত্তি বেধেছে আপন মায়ের রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার ঘিরে। আপন ভাইসহ বাকি উত্তরসূরিরা তাঁর মৃত মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগ পেলেও মায়ের নামের বিড়ম্বনায় ইয়াকুব পড়েছেন ভোগান্তিতে। নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে চার বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন বর্তমানে কৃষিশ্রমিকের কাজ করা ইয়াকুব।

.

ইয়াকুবের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলা ১ নং মুকুন্দপুর ইউনিয়নের পারভবানীপুরের বালুপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আজগর আলী ও মৃত আয়েশা বেগম দম্পতির ছেলে। জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ইয়াকুবের জন্ম ১৯৯২ সালে ১ ফেব্রুয়ারি। ১৯৯৮ সালে মা আয়েশা বেগম তাঁর বড় ছেলে আইয়ুব আলী, মেজ ছেলে ইয়াকুব আলী ও ছোট ছেলে ইউসুফ আলীকে রেখে মারা যান।

.

ইয়াকুব আলী তাঁর মায়ের নাম সংশোধনের জন্য যে আবেদন করেছেন, সেটি ‘ঘ’ ক্যাটাগরিতে পড়েছে। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের মহাপরিচালক দেখেন। এই সমস্যা সমাধান উপজেলা কার্যালয়ে সম্ভব নয়। তবে মহাপরিচালক চাইলে এ বিষয়ে একটি তদন্ত দিতে পারেন। তখন আমি তদন্ত করব, প্রতিবেদন পাঠাব।

—আবদুল হাকিম মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিরামপুর, দিনাজপুর

.

ইয়াকুব ও তাঁর পরিবারের ভাষ্য, ১৯৯৮ সালে আয়েশা বেগমের মৃত্যুর পর আজগর আলী মোছা. রেজিনাকে বিয়ে করেন। ২০০৯ সালে ইয়াকুব গার্মেন্টেসে চাকরির জন্য ঢাকায় গেলে জন্মসনদের প্রয়োজন হয়। তখন তাঁর বাবা আজগর আলী ছেলে ইয়াকুবের আপন মায়ের পরিবর্তে সৎমা মোছা. রেজিনার নাম বসিয়ে নতুন জন্মসনদ তৈরি করেন। পরে সেই জন্মসনদ অনুযায়ী ২০১৫ সালে ইয়াকুবের নামে ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্রেও তাঁর মায়ের নাম মোছা. রেজিনা থেকে যায়।

.

ইয়াকুব জানান, ২০১৬ সালে সৎমায়ের নামের জায়গায় আপন মা আয়েশা বেগমের নাম দিয়ে সংশোধিত জন্মসনদ করে নেন তিনি। আপন মা আয়েশা বেগমের রেখে যাওয়া সম্পত্তির অংশ ওয়ারিশ সূত্রে মৌখিকভাবে ভোগদখলের সুযোগ পেলেও সেই জমির নিজের নামে খাজনা দিতে, খারিজ ও বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন তিনি।

ইয়াকুবের ভাষ্য, তাঁর মা আয়েশা বেগম পৈতৃকসূত্রে সাড়ে পাঁচ বিঘা জমি রেখে মারা যান। ইয়াকুবের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে সৎমায়ের নাম দিলে স্বামী (আজগর আলী) উত্তরাধিকার সূত্রে স্ত্রী আয়েশা বেগমের রেখে যাওয়া সম্পত্তি তুলনামূলক বেশি পাবেন—এই ভাবনা থেকে সৎমা রেজিনা তাঁর সৎছেলে ইয়াকুবের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম দেওয়ার পরামর্শ দেন স্বামীকে। আর ২০১২ সালে ইয়াকুব আলীর ছোট ভাই ইউসুফ আলী মারা যাওয়ার পর জমির ভাগ বেশি পাওয়ার পথটি আরও পরিষ্কার হয়।

.

সম্পত্তির ভাগ পাওয়ার আশায় ইয়াকুবের আপন মায়ের নামের পরিবর্তে তাঁর নাম দেওয়ার বিষয়ে সৎমা রেজিনা কোনো কথা বলতে রাজি হননি। তবে সৎমা ও বাবার বিরুদ্ধে ইয়াকুবের করা অভিযোগ তাঁর বাবা আজগর আলী অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি (যখন মায়ের নাম পরিবর্তন) করিছি, তখন ওর মা আছিল না। আমি জানি না, ওটা কীভাবে ওখানে (ইউনিয়ন পরিষদ) করিছে। ছেলেটার যে মা বেঁচে আছে, ওই মায়ের (সৎমা) নাম তুলে দিয়ে ওটা (জন্মসনদ) করিছে। আমি ওটা করলে ওর আসল (আপন) মায়ের নামই দিতাম।’

ঢাকার চাকরিরত অবস্থায় বিয়ে করেন ইয়াকুব। পরে ২০২১ সালে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ২০২৩ সালে জাতীয় পরিচয়পত্রে তাঁর আপন মা আয়েশা বেগমের নাম সংযোজন করতে বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন ইয়াকুব। সে বছর তাঁর ওই আবেদন বাতিল হয়। পরে ২০২৪ ও ২০২৫ সালে আবেদন করলে সেটিও বাতিল হয়। সর্বশেষ ২০ অক্টোবর আপন মা আয়েশা বেগমের সন্তান প্রমাণ করতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের চাহিদা অনুযায়ী সব নথিপত্রসহ আবার অনলাইনে আবেদন করেন ইয়াকুব।

.

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাকিম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ইয়াকুব আলী তাঁর মায়ের নাম সংশোধনের জন্য যে আবেদন করেছেন, সেটি “ঘ” ক্যাটাগরিতে পড়েছে। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের মহাপরিচালক দেখেন। এই সমস্যা সমাধান উপজেলা কার্যালয়ে সম্ভব নয়। তবে মহাপরিচালক চাইলে এ বিষয়ে একটি তদন্ত দিতে পারেন। তখন আমি তদন্ত করব, প্রতিবেদন পাঠাব।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »