|
মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী
|
|
![]() মসজিদের মিম্বারে বসে, পাশে ইমাম ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর পরনে পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি। এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে। ভিডিওর ক্যাপশনে লেখা, ইমাম সাহেবকে নিচে বসিয়ে রেখে, মসজিদের মিম্বরে বসে, দুর্গাদেবীর প্রশংসা করছেন বিএনপি সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। যাচাই করে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশ মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার অন্য একটি ভিডিওতে যুক্ত করে আলোচিত ভিডিওটি ছড়ানো হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এ ভিডিওটি ছড়িয়েছে। শুধু ফেসবুকেই ৯০টির বেশি পেজ ও প্রোফাইল থেকে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক . তবে মসজিদের মিম্বারে বসে দুর্গার প্রশংসা করার দাবিতে ছড়ানো ভিডিওটি বিশ্লেষণ করে কিছু অসংগতি দেখা যায়। একজন মন্ত্রী মসজিদে বক্তব্য দিলে সাধারণত সেখানে শান্ত পরিবেশ থাকার কথা। কিন্তু ভিডিওতে আশপাশে নানা ধরনের আওয়াজ শোনা যায়। এ ছাড়া বক্তব্যের সঙ্গে আরও কিছু অস্বাভাবিক শব্দও শোনা যায়। সাধারণত মসজিদের মিম্বারে ইমামসহ অন্য কেউ বক্তব্য দিলে পরিবেশ শান্ত থাকে। . এ ছাড়া ভিডিওতে শোনা বক্তব্যের সঙ্গে মন্ত্রীর মুখের অভিব্যক্তির অমিল লক্ষ করা যায়। বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন শব্দ উচ্চারণের সঙ্গে ঠোঁটের আকৃতি পরিবর্তিত হয়, কিন্তু ভিডিওতে সেখানেও গরমিল দেখা যায়। বক্তব্যের সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গিতেও অসংগতি রয়েছে। গত মাসের শেষ দিকে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে পানিসম্পদমন্ত্রীকে মসজিদের মিম্বারে বসে প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতা নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে, তবে বক্তব্যের অডিও আলাদা। . ২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আজ শুক্রবার দক্ষিণ মান্দারী হাসপাতাল জামে মসজিদে মাননীয় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পবিত্র জুমার নামাজ আদায় করেন, পরে এক লাখ টাকা অনুদান দেন।’ . এরপর প্রচারিত ভিডিওতে শোনা বক্তব্যের মূল উৎস খুঁজতে পুরো বক্তব্যের প্রাসঙ্গিক শব্দ দিয়ে অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া যায়। ১৯ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘অন্যায়ের বিরুদ্ধে দেবীদুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’। . একই তারিখে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ফেসবুক পেজেও ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে উল্লেখ রয়েছে, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ।’ লিংক: এখানে . প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভিডিওতে বক্তব্য দেওয়ার পরিবেশের মিল রয়েছে। এ ছাড়া মন্ত্রীর ফেসবুক পেজে বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনের আরও ছবি পাওয়া যায়। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী ও নেতা–কর্মীদের সঙ্গে চেয়ার-টেবিলে বসে হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করা জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।’ . পূজামণ্ডপে দেওয়া এই বক্তব্যই মসজিদের মিম্বারে বসে বক্তব্য দেওয়ার ভিডিওতে যুক্ত করা হয়েছে। মসজিদের মিম্বারে বসে দেবীদুর্গার প্রশংসা করেছেন বলে পানিসম্পদমন্ত্রীকে নিয়ে যে ভিডিও প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন। |