মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সংশোধন করা একান্ত জরুরি ডিজিটাল নিরাপত্তা আইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংশোধন করা একান্ত জরুরি ডিজিটাল নিরাপত্তা আইন
স্বাধীন চিন্তা ও মতপ্রকাশ, এমনকি পেশাদার সাংবাদিকতার মাধ্যমে জনসাধারণের তথ্য জানার সংবিধানপ্রদত্ত অধিকার হরণের হাতিয়ার হিসেবে যে আইনটির জুড়ি নেই, সেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার উদ্বেগজনক মাত্রায় বেড়ে চলেছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আর্টিকেল ১৯-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে এ আইনের অধীনে দায়ের করা হয়েছে মোট ১৯৮টি মামলা। আসামি করা হয়েছে ৪৫৭ ব্যক্তিকে। ৪১টি মামলার আসামি করা হয়েছে ৭৫ জন পেশাদার সাংবাদিককে। তার আগের বছর, ২০১৯ সালে এ আইনের অধীনে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিল ৬৩টি।

বাংলাদেশের এ কালাকানুনের ব্যাপক অপব্যবহারের মাধ্যমে সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, কার্টুনশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশকারীসহ নাগরিকদের ওপর নিপীড়ন ও হয়রানির সমালোচনা করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্পর্কে লেখা হচ্ছে ‘ডিজিটাল হাইওয়ে বিকামস ডিজিটাল জেল’। গত বছর যে ৭৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে, তাঁদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে সাংবাদিকসহ নাগরিকদের ব্যাপক হয়রানির বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে গৃহীত ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে পেশাদার সাংবাদিকতা ও নাগরিকদের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের পথে আরও বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। এ কালাকানুন প্রণয়নের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে, সরকারকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে আগের কালাকানুনটির চেয়েও কঠোর এ কালাকানুনের ব্যাপক অপব্যবহার হবে। তার ফলে জনগণের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে, নাগরিক স্বাধীনতা খর্ব হবে। আমাদের সংবিধানে প্রদত্ত বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের সুরক্ষা নিশ্চিত করে আইনটির সংশোধনের দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। বরং দেখা যাচ্ছে যাঁরা এ আইনের অপব্যবহার করে ভিন্নমত দমন ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে চাইছেন, তাঁদের সম্মুখসারিতে আছেন ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন। ২০২০ সালে এ আইনের অধীনে যে ১৯৮ মামলা হয়েছে, সেগুলোর মধ্যে ১৯ মামলা দায়ের করেছেন ক্ষমতাসীন দলের সাংসদেরা নিজেই কিংবা তাঁদের ঘনিষ্ঠ লোকজন।

সাংবাদিক, লেখক, কার্টুনিস্টসহ যেসব নাগরিক ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার হয়েছেন এবং হচ্ছেন, তাঁদের অধিকাংশই জামিনে মুক্তির অধিকার থেকে অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন। কাউকে কাউকে রিমান্ডে নিয়ে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এমন অভিযোগ পাওয়া যায়।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, রিপোর্টার্স উইদাউট বর্ডারস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের সমালোচনা করেছে। তার চেয়েও বড় কথা, আমাদের উচ্চ আদালত সরকারকে এই মর্মে কারণ দর্শাতে বলেছেন যে কেন ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ৩১ ধারা অসাংবিধানিক বলে বিবেচিত হবে না। কিন্তু সরকার এখন পর্যন্ত এর কারণ দর্শায়নি, এবং আইনটির বিশেষত ওই দুটি ধারার অপব্যবহার ক্রমাগত বেড়ে চলেছে।

আমরা আগে অনেকবার বলেছি, আবারও বলি, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ধারা বাংলাদেশের সংবিধানের মৌল চেতনা এবং মতপ্রকাশ, অবাধ তথ্যপ্রবাহ এবং মৌলিক মানবাধিকার-সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক আইন ও বিধানের পরিপন্থী। সেই ধারাগুলো বাতিল করে সংবিধান ও আন্তর্জাতিক আইন-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংশোধনের উদ্যোগ অবিলম্বে নেওয়া হোক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »