● ●


‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় এই শিল্পী বলেন, যাঁরা এই কাজটা করেছেন, তাঁরা দীর্ঘদিন তাঁকে অনুসরণ করে, কখন, কোথায় কী অবস্থায় তিনি থাকেন, সেটা নিশ্চিত হয়েই করেছেন। তিনি বলেছেন, ‘আমার শত্রু কারা হইতে পারে, এটা আমি জানি না। কিন্তু মাইরা ফেলার মতো কাজ আমি করছি, এটা মনে করি না।’

আজ শনিবার রাতে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন সংগীতশিল্পী আসিফ আকবর।

এর আগে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তখন গাড়িতে ছিলেন না তিনি। এমনকি তাঁর চালকও ছিলেন না। গাড়ির চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

.

দুর্বৃত্তরা দীর্ঘদিন তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করেছে উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘আমি যা মনে করি, সেটা বলে দেই, লিখে দিই, কারও সঙ্গে দীর্ঘমেয়াদি শত্রুতা আমার নাই। যেটা ঘটছে, আমার নিজস্ব অভিজ্ঞতায় মনে হয়েছে যে বা যারা এই কাজটা করেছে তারা দীর্ঘদিন আমার গতিবিধি রেকি করেছে। তাদের স্টাডি আছে। তারা জানে আমি ঠিক ওই সময়, ফজরের নামাজের পরপর উপর থেকে নিচে নামি। আমি কোন দিক দিয়ে যাই। আমার শরীরের উচ্চতা কী। কারণ তারা গুলিটা যেখানে করছে, ঠিক আমার মাথা বরাবরই করছে।’

ছেলের সঙ্গে ফোনে কথা বলার কারণে গুলি থেকে রক্ষা পেয়েছেন জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘আজ সৌভাগ্যবশত বের হওয়ার আগে আমার বড় ছেলে কানাডা থেকে ফোন দিয়েছে। কথা বলার একপর্যায়ে আমার ছেলে বলল সে মাগরিবের নামাজ পড়বে। কানাডাতে তখন মাগরিবের সময়। বাংলাদেশে তখন ফজর। পাঁচটা মিনিট পরে আমাকে ফোন দিতে চেয়েছে। তো আমি পাঁচ মিনিট অপেক্ষা করলাম ওর সঙ্গে কথা বলার জন্য। কথা বলে আরও ২৭ মিনিট পরে নেমেছি।’

.

ঘটনার সময় তাঁর গাড়িতে কেউ ছিলেন না জানিয়ে আসিফ আকবর বলেন, ‘আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে বের হই। আমার কাঁধে একটা ব্যাগ থাকে সব সময়। তখন আমি সিসি ক্যামেরা দেখতেছিলাম, এ রকম একটা ছেলে কোচিংয়ে যাচ্ছিল সকালবেলা। ছেলেটা একটু দূরে ছিল। হয়তো তারা বুঝতে পারে নাই। গুলি করে দিয়েছে। আমার যেটা মনে হচ্ছে, যে ছেলেটা বা আমাকে যারা গুলি করছে, তারা আমার সময় জানে।’

নিজের প্রতিদিনের রুটিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আনফরচুনেটলি কালকে আমি একাই ছিলাম। আমার সঙ্গে সব সময় লোকজন থাকে। একসাথে আমার আড্ডা দিই। কিন্তু কালকে আমি একাই ছিলাম। আমার রুটিনই এটাই। ছোটবেলা থেকেই আমি এই রুটিনে চলি।’

.আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়.

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্যের কারণে শত্রু তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করেন আসিফ আকবর। তিনি বলেন, ‘আমি আসলে ফেসবুকে খুব একটা আউটস্পোকেন (স্পষ্টভাষী) ছিলাম। আসলে যেটা অন্যায় মনে হয়, সেটাই বলি। এখানে কে কত বড়, কে কত শক্তিশালী, কে কত ভারী, সেটা আমি দেখি না। কখনো বলে ফেলি, লিখে ফেলি। তো এ জন্য হয়তো কিছু এনিমি (শত্রু) জন্মাতে পারে। কিন্তু মেরে ফেলার মতো কিছু আমি কাজ করি নাই। এটা আমার মনে হয় না যে আমাকে মেরে ফেলবে। এ রকম কোনো কাজ আমি করি নাই। এটা একটা কষ্টদায়ক আমার জন্য যে বাংলাদেশে আমাকে কেউ মেরে ফেলবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে আসিফ আকবর বলেন, ‘এসব কারণে আমি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম সব বন্ধ করে দিছি। শুধুমাত্র ইউটিউব আর হোয়াটসঅ্যাপ চালাই এখন। সব বন্ধ করে দিছি। কমপক্ষে চল্লিশ দিন ধরে এটা করেছি। অতীতেও হইছে। প্রথমবারের মতো হয়েছে, বেশি ফোকাস হয়েছে। কারণ, এটা গুলি করে দিছে সরাসরি। গুলিটা এমনভাবে করেছে, বোঝা যায় আমাকে মারতেই আসছিল। পরিকল্পনাটা ওই রকমই ছিল। ফরচুনেটলি (ভাগ্যক্রমে) বেঁচে গেছি। আমার শত্রু কারা হইতে পারে, এটা আমি জানি না। কিন্তু মাইরা ফেলার মতো কাজ আমি করছি, এটা মনে করি না।’

.

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘এই ঘটনায় একটা মামলা করব। এটা তো নেওয়াই উচিত।’

এ ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে যায়। তাকে এখনো শনাক্ত করা যায়নি। বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »