
ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো-ডেমরা সড়কে ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়ার (এক্সপ্যানশন জয়েন্ট) জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে। এ কাজ চলবে পরদিন বুধবার রাত পর্যন্ত। এ সময় সেতু ও এর আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
.
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো বিজ্ঞপ্তিতে সেতু মেরামতের সময়ে সম্ভাব্য যানজট ও ভোগান্তি এড়াতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে।