● ●


মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশ থেকে দুই মাসব্যাপী জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

.

সমাবেশে সভাপতিত্ব করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য দেন জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এর প্রধান সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মাহবুব) নেতা হারুনার রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, জাতীয় গণফ্রন্টের রজত হুদা‌ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন।

.

সমাবেশে প্রবীণ বামপন্থী নেতা মঞ্জুরুল আহসান খান, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবির রুহিন হোসেন (প্রিন্স), কবি মোহন রায়হানসহ বিভিন্ন ছাত্র, যুব, নারী, শ্রমিক, কৃষক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে লিখিত ঘোষণা, প্রস্তাবনা ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্যচুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তাঁদের অভিযোগ, বর্তমান বিএনপি সরকার জনমত উপেক্ষা করে ওই চুক্তি বাস্তবায়ন করছে। জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটও চুক্তির বিরোধিতা না করে কার্যত সমর্থন দিচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।

দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো ধারাবাহিকভাবে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়। নেতারা বলেন, এতে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো বন্দরের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে।

.

সমাবেশে বক্তারা বলেন, গণ–অভ্যুত্থানের সময় ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দেওয়া হলেও বর্তমান সরকার ‘সবার আগে আমেরিকা’ নীতি অনুসরণ করছে। তাঁদের অভিযোগ, এক সাম্রাজ্যবাদী শক্তির প্রভাব থেকে বেরিয়ে অন্য শক্তির কাছে দেশকে নির্ভরশীল করে তুলছে শাসকগোষ্ঠী। মেট্রোরেল প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং দিল্লির একটি কোম্পানিকে এর ঠিকাদারি কাজ দেওয়ার বিষয়টিরও তাঁরা সমালোচনা করেন।

নেতারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে তাঁদের অবস্থান রয়েছে। আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবিও জানান তাঁরা। দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ–আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

সমাবেশের আগে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। আবৃত্তি করেন হাসান ফখরী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »