
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ২৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের মাত্রা ১৯৩৮ সালের জার্মানির পরিস্থিতির মতো ভয়াবহ হয়ে উঠেছে।
সম্প্রতি রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের ওপর হামলা ও বর্ণবাদী বিদ্বেষের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি দাবি করেন, ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের বড় অংশের শিকার ইহুদিরা।
ট্রাম্প বলেন, ‘এটি দেখে আমি বিস্মিত। পরিস্থিতি যেন ১৯৩৮ সালের জার্মানির মতো। যা ঘটছে তা রীতিমতো পাগলামি। মানুষের ওপর যে হামলাগুলো হচ্ছে, তার ৫৭ শতাংশই ইহুদিদের ওপর চালানো হচ্ছে; বিশ্বাসই করা যায় না!’
এফবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ৬৩ শতাংশই ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে। ২০২৪ সালে এ হার ছিল ৭০ শতাংশ।
ট্রাম্পের এ মন্তব্য এলো যখন ১৯৩৮ সালের ৯ নভেম্বর সংঘটিত ‘ক্রিস্টালনাখট’ বা নাৎসি বাহিনীর ইহুদিবিরোধী গণসহিংসতার ৮৮তম বার্ষিকী পার হয়েছে। ওই ঘটনাকে হলোকাস্টের সূচনাপর্ব হিসেবে বিবেচনা করা হয়।
জার্মানিতে অ্যাডলফ হিটলার ও তার শাসনামলে ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের ওপর কঠোর বিধিনিষেধ, বয়কট ও বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছিল।
ট্রাম্প দাবি করেছেন যে, ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ার ঘটনা বারাক ওবামার শাসনামলে শুরু হয়েছিল।
অ্যান্টি-ডিফেমেশন লিগসহ বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০১৬ সাল থেকে দেশটিতে ইহুদিবিদ্বেষী ঘটনা বাড়তে শুরু করে এবং ট্রাম্পের প্রথম মেয়াদেও এ প্রবণতা অব্যাহত ছিল।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন