সাধারণ গৃহবধূ থেকে অভিনেত্রী নীলা ইসলামের অভিনয়ে সম্পৃক্ত হওয়ার গল্পটা সত্যিই অন্যরকম। ব্যক্তিগত কাজে একদিন তিনি ধানমণ্ডি গিয়েছিলেন। সেখানে একটি নাটকের শুটিং হচ্ছিল। নাটকের শিল্পী এটিএম শামসুজ্জামান নিলা ইসলামকে দেখে অনুরোধ করেন একটি ছোট্ট দৃশ্যে অভিনয় করার। এই অভিনেত্রীও রাজি হয়ে গেলেন। পরবর্তীতে অভিনেতা এবং পরিচালক মীর সাব্বিরের সঙ্গে তার পরিচয়। তিনি সাব্বিরকে অনুরোধ করেন নাটকে সুযোগ দেয়ার জন্য। তিনি এও বলেন বরিশালের আঞ্চলিক ভাষাটা তিনি খুব ভালোভাবেই বলতে পারেন। দীর্ঘ ৬ মাস পর মীর সাব্বির নীলাকে তার নাটকে সুযোগ করে দেন। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন।
বিজ্ঞাপন
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। ঢাকায় আসার আগে তিনি বগুড়ার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকায় এসে তিনি নাট্য দলের সঙ্গে যুক্ত হন। টিভিতে তার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ‘বিজি ফর নাথিং’- নাটকের মাধ্যমে।
নির্মাতারা আপনাকে ঝগড়াটে কিংবা কমেডি চরিত্রে তুলে ধরছেন। আপনার কি ইচ্ছা করে অন্য চরিত্রে নিজেকে মেলে ধরতে? এ অভিনেত্রী বলেন, দর্শকদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই নির্মাতারা আমাকে এই চরিত্রগুলোতে কাস্ট করেন। একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে মাঝে মাঝে আমার ইচ্ছা করে অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে। নির্মাতারা যদি কখনো এসব চরিত্রে আমাকে সুযোগ করে দেন অভিনয়ে তখন হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। সেই অপেক্ষাতেই আছি।