● ●


এনভিডিয়া কেলেঙ্কারির জেরে চীনের এআই চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এনভিডিয়া কেলেঙ্কারির জেরে চীনের এআই চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০: ০৮

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ আরো সীমিত করতে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

তৃতীয় কোনো দেশের তথ্যকেন্দ্র ব্যবহার করে চীনা এআই প্রতিষ্ঠানগুলো যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে উন্নত চিপ ব্যবহার করতে না পারে, তা ঠেকানোই নতুন বিধিনিষেধের লক্ষ্য। এনভিডিয়াকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগের মধ্যে এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সোমবার নতুন এই নিয়ম ঘোষণা করে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ মোট পাঁচটি দেশকে উন্নত চিপ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিল। এসব দেশে উন্নত চিপ রপ্তানি করতে হলে এখন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের রপ্তানি লাইসেন্স নিতে হবে।

বিআইএস জানিয়েছে, নতুন এই বিধিনিষেধ বিদ্যমান নিয়মের যৌক্তিক সম্প্রসারণ। আগে থেকেই চীনে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর কাছে চিপ রপ্তানি বা হস্তান্তরের জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উন্নত কম্পিউটিং ও সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র বিশ্বনেতা। বৈধ বাণিজ্যিক উদ্দেশ্যে মার্কিন প্রযুক্তির বৈশ্বিক ব্যবহার বাড়াতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমনভাবে সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার ঠেকানোও তাদের লক্ষ্য।

এদিকে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ পাওয়া এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর গত সপ্তাহে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের তদন্তের মধ্যে পদত্যাগ করেন হুয়াং।

তবে গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনের পক্ষ থেকে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় ও অপদস্থ করার উদ্দেশ্যে তৈরি’ বলে অভিহিত করা হয়েছে।

জেনসেন হুয়াংয়ের সাবেক প্রেমিকা হিসেবে চিহ্নিত অ্যালিস হুয়াং আগে মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এই কেলেঙ্কারির প্রভাব এআই প্রযুক্তির বিস্তারে পড়তে পারে—এমন আশঙ্কায় সোমবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে।

প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর শেয়ারের আধিক্য থাকা নাসডাক কম্পোজিট সূচক ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে। টানা তৃতীয় দিনের মতো সূচকটি নিম্নমুখী অবস্থায় লেনদেন শেষ করেছে। অন্যদিকে বৃহত্তর এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ৯২ শতাংশ।

গত এক মাসে বাজারমূল্যের ৩০ শতাংশের বেশি হারিয়েছে এনভিডিয়া। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আরে ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ নামে পরিচিত বাকি ছয় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারও দর হারিয়েছে। এর মধ্যে অ্যালফাবেটের শেয়ার ৪ দশমিক ০৭ শতাংশ এবং অ্যামাজনের শেয়ার ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারেও দরপতনের ধারা অব্যাহত ছিল। সকালে লেনদেনে জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের প্রধান সূচকগুলো কমে যায়।

গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ২টা পর্যন্ত জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৮২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১ দশমিক ১৯ শতাংশ কমেছে। একই সময়ে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ১ দশমিক ৫৭ শতাংশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »