শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চাল, বাদাম ও ভুট্টার ৯টি নমুনায় মিলল ক্যানসার সৃষ্টির উপাদান
প্রকাশ: ২২ মে, ২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাল, বাদাম ও ভুট্টার ৯টি নমুনায় মিলল ক্যানসার সৃষ্টির উপাদান

নিজস্ব প্রতিবেদক :

দেশের উত্তরাঞ্চলে চাল, বাদাম ও ভুট্টার ৬০টি নমুনার মধ্যে ৯টিতে লিভার ক্যানসারের জন্য দায়ী বিষাক্ত অ্যাফ্লাটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। বাদাম ও ভুট্টাতেই এর উপস্থিতি বেশি। এদিকে ময়মনসিংহে সালাদ তৈরির সবজি ও দুগ্ধজাত খাবারে মিলেছে লিস্টেরিয়া মনোসাইটোজেনিস নামক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে অরেঞ্জ নলেজ প্রোগ্রামের অধীনে পাঁচটি পৃথক গবেষণায় এসব ফলাফল উঠে এসেছে। ২০২১ সালজুড়ে গবেষণাগুলো পরিচালিত হয়। আজ শনিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত একটি কর্মশালায় এসব ফলাফল তুলে ধরা হয়।

নেদারল্যান্ডস সরকারের ‘বাংলাদেশে খাদ্যনিরাপত্তা জোরদারকরণে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ও উচ্চশিক্ষা প্রকল্প’ এ কর্মশালার আয়োজক।

খাদ্যশস্যে যকৃত ক্যানসারের জন্য দায়ী অ্যাফ্লাটক্সিন নামক উপাদানের উপস্থিতি নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী। গবেষণায় আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদিত চাল, বাদাম, আটা, মসুর ডাল, মুগ ডাল, ভুট্টা ও সরিষায় বিষাক্ত অ্যাফ্লাটক্সিনের পরীক্ষা করা হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, ঈশ্বরদী, নাটোর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের গুদাম ও পাইকারি বাজার থেকে ৬০টি নমুনা সংগ্রহ করা হয়।

গবেষণা অনুসারে, সংগৃহীত নমুনার ৯টিতে অ্যাফ্লাটক্সিন পাওয়া গেছে। এসবের চারটিতে ছিল নির্ধারিত মাত্রার চেয়ে বেশি উপস্থিতি। মূলত বাদাম ও ভুট্টাতেই এর উপস্থিতি বেশি। আর চালের একটি নমুনায় তা পাওয়া গেছে। গবেষক তাজুল ইসলাম চৌধুরী বলেন, অ্যাফ্লাটক্সিন আদর্শসীমার মধ্যে থাকলে তা তেমন ক্ষতিকর নয়। মাত্রাতিরিক্ত হলে তা ক্যানসার, কিডনি রোগের কারণ হতে পারে।

সালাদ তৈরির সবজি ও দুগ্ধজাত খাবারে লিস্টেরিয়া মনোসাইটোজেনিস নামক ব্যাকটেরিয়ার উপস্থিতি নিয়ে আরেকটি গবেষণার ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম। গবেষণায় ময়মনসিংহের মুক্তাগাছা, ত্রিশাল, ফুলবাড়িয়া, সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। গবেষণায় শসা, টমেটো, গাজরের ৮৫টি ও দুগ্ধজাত পণ্য আইসক্রিম, দই ও পনিরের ৮৩টি নমুনা ব্যবহৃত হয়।

গবেণায় নমুনার ১৯ দশমিক ২ শতাংশ শসা, ১০ শতাংশ টমেটো ও ৩ দশমিক ৪ শতাংশ গাজরে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। আর দুগ্ধজাত পণ্যের মধ্যে ৭ দশমিক ১ শতাংশ আইসক্রিমে ও ৪ শতাংশ দইয়ে লিস্টেরিয়া মনোসাইটোজেনিস ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাকটেরিয়া মূলত শৌচাগার থেকে মানুষের হাত ও মাটির মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, দুগ্ধজাত পণ্যে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। সবজি পরিষ্কার ও সেদ্ধ করে খেলে এ ব্যাকটেরিয়া মরে যায়। কিন্তু দই, আইসক্রিম তো ধুয়ে খাওয়া যায় না। এ ব্যাকটেরিয়া মানুষের জ্বর ও পেটের অসুখ, শরীর ব্যথা, মেয়েদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

অন্য একটি গবেষণায় ক্ষতিকর ই কোলাই ব্যাকটেরিয়া খুঁজতে মূলত চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলের কাঁচা লইট্টা, আধা ও পুরোপুরি শুকনো লইট্টা শুঁটকি পরীক্ষা করা হয়। সেখানে শতভাগ লইট্টার নমুনাতেই এই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। গবেষণা অনুসারে ৪৫টি নমুনার ৫ দশমিক ৩৫ শতাংশ ক্ষেত্রে রোগ সৃষ্টিকারী এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। আর ৬ দশমিক ২৬ শতাংশ নমুনায় অ্যান্টিবায়োটিক সহনশীল ই কোলাই ব্যাকটেরিয়া রয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক গবেষক মো. শাহেদ রেজা বলেন, শুঁটকি ধোয়ার পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকলে, শুঁটকি ভালো করে না শুকানো হলো ও বেশি তাপমাত্রায় রান্না না করলে তা পেটে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। এ ছাড়া প্রক্রিয়াজাতকরণের স্থান, গুদাম, শুঁটকির বস্তায়ও এ ক্ষুদ্র ব্যাকটেরিয়াটি পাওয়া গেছে। কিছু অঞ্চলে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লইট্টা সেদ্ধ করা হয় না, তাই সেখানে তাদের স্বাস্থ্যঝুঁকি বেশি।

এ ছাড়া সিপ্রোফ্লোক্সাসিন ও অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক পরীক্ষার জন্য মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের স্থানীয় বাজারের খুচরা বিক্রেতা এবং পাবনা ও সিরাজগঞ্জের দুধ সংগ্রহ কেন্দ্র ও খামার থেকে নমুনা সংগ্রহ করা হয়। এ গবেষণার মূল গবেষক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মনজুর মোরশেদ আহমেদ।

গবেষণা অনুসারে, সংগৃহীত ২০০ নমুনার মধ্যে ৬টিতে অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। তবে সিপ্রোফ্লোক্সাসিন পাওয়া যায়নি। মূলত গরুর স্তনপ্রদাহের চিকিৎসার জন্য গরুর শরীরে এসব অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে। যেসব কৃষকের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, তাঁদের ৭০ শতাংশই দুধ ও মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রবেশের বিষয়টি জানেন না। ৫৪ দশমিক ৫ শতাংশ কৃষক নিজেরাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন।

অন্যদিকে, সুন্দরবনের বাস্তুতন্ত্রের মধ্যে ভারী ধাতু আর্সেনিক, সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের পরীক্ষা করা হয়। পশুর নদের সাতটি বিভিন্ন স্থান ও এ নদীসংলগ্ন সাতটি বিভিন্ন খাল এবং ছোট নদী থেকে কাদামাটি ও পানি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ১০ প্রজাতির মাছেও এসব উপাদান পরীক্ষা করা হয়।

গবেষণা অনুসারে, মোংলা বন্দর, বন্দরের কাছাকাছি সিমেন্ট কারখানার পাশে নদীতীর, মোংলা ঘাটের মোহনা ও বাণীশান্তা বাজারে নির্ধারিত মাত্রার বেশি ভারী ধাতু পাওয়া গেছে। তবে মাছের মধ্যে যে পরিমাণ উপস্থিতি মিলেছে, তা আশঙ্কাজনক নয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, কাদামাটিতে এসব ধাতু থাকা পরিবেশের জন্য ক্ষতিকর। পরীক্ষায় দেখা গেছে, এ পানি খাওয়ার উপযোগী নয়। সুন্দরবন রক্ষায় এখনই এসব ধাতুর বিষয়ে সতর্ক হওয়া উচিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অরেঞ্জ নলেজ প্রোগ্রামের প্রকল্পের পরিচালক ফরিদা ইয়াসমিন বারি বলেন, বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাবে খুব বেশি মানুষ মারা না গেলেও নিরাপদ খাদ্যের অভাবে ভুগছে। এ জন্য নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সব পর্যায়ে মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইউম সরকার। আরও ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট স্টাডিজের ডিন অলোক কুমার পাল। প্যানেল আলোচক হিসেবে ছিলেন অরেঞ্জ নলেজ প্রোগ্রাম প্রকল্পের উপদেষ্টা ক্যামিয়েল আলবার্টস ও খাদ্যনিরাপত্তা পরামর্শক রোনাল্ড ভ্যান দে হিউভেল প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »