● ●


মানসিক স্বাস্থ্য: জুয়া ও মাদকে আসক্তিতে শাস্তি, নাকি শিকড়হীন চিকিৎসা
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানসিক স্বাস্থ্য: জুয়া ও মাদকে আসক্তিতে শাস্তি, নাকি শিকড়হীন চিকিৎসা

চিকিৎসাবিজ্ঞান ও জনস্বাস্থ্য যত এগোচ্ছে, মানুষের আবেগ, আচরণ আর মনের জটিল সমীকরণগুলো ততই নতুন আলোয় ধরা পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ‘ডিএসএম-ফাইভ-টিআর’ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘আইসিডি-ইলেভেন’-এর মতো আধুনিক রোগতাত্ত্বিক নির্দেশিকাগুলো মনের নানা জটিলতাকে সুনির্দিষ্ট জৈব-মনঃসামাজিক মানদণ্ডে রোগ বা ডিজঅর্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছে (আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, ২০২২; বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০১৯)।

অথচ আমাদের দেশে আমরা এখনো আঁকড়ে ধরে আছি ঔপনিবেশিক যুগের কিছু সেকেলে আইন আর সামাজিক অন্ধবিশ্বাস। এর নিদারুণ পরিণতিতে বিজ্ঞানের দৃষ্টিতে যা স্পষ্ট রোগ বা চিকিৎসাযোগ্য স্বাস্থ্যসংকট, আমাদের ফৌজদারি বিচারব্যবস্থা ও সমাজে তাকে দেগে দেওয়া হচ্ছে অপরাধ হিসেবে। ফলে সহমর্মিতাপূর্ণ চিকিৎসার বদলে জোটে শাস্তিমূলক ব্যবস্থা, যা ব্যক্তির জীবন ও জনস্বাস্থ্যের জন্য চরম এক বিপর্যয় ডেকে আনছে।

আমাদের আইন ও চিকিৎসাবিজ্ঞানের এই রক্তক্ষয়ী সংঘাত সবচেয়ে প্রকটভাবে চোখে পড়ে আত্মহত্যার ক্ষেত্রে। ‘ডিএসএম-ফাইভ-টিআর’ কিংবা ‘আইসিডি-ইলেভেন’ স্পষ্ট ভাষায় বলছে, আত্মহত্যার আচরণ কোনো স্বেচ্ছাচারিতা নয়; এটি গভীর মানসিক যন্ত্রণা, বিষণ্নতা কিংবা মানসিক সংকটের এক চরম বহিঃপ্রকাশ (আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, ২০২২; বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০১৯)।

অথচ বাংলাদেশে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা করা একটি দণ্ডনীয় অপরাধ। যে মানুষটি নিদারুণ যন্ত্রণার ভার বইতে না পেরে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন, তাঁকে সংকটকালীন মনঃসামাজিক সহায়তা না দিয়ে ঠেলে দেওয়া হয় পুলিশি হয়রানি ও জেলহাজতের মুখে। এর ফলে পরিবারগুলো ঘটনা লুকিয়ে রাখতে বাধ্য হয় এবং ভুক্তভোগী যথাসময়ে উপযুক্ত চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হন (খান, ২০০৫)।

একই অন্ধত্ব দেখা যায় মাদকাসক্তির ক্ষেত্রেও। আধুনিক স্নায়ুবিজ্ঞান সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে মাদকাসক্তি বা ‘সাবস্ট্যান্স ইউজ ডিজঅর্ডার’ মস্তিষ্কের একটি দীর্ঘস্থায়ী ও বারবার ফিরে আসা জৈবিক ব্যাধি (ভলকো ও অন্যান্য, ২০১৬)। এটি মূলত একটি জটিল জনস্বাস্থ্য সংকট।

কিন্তু আমাদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সরবরাহকারীদের পাশাপাশি ব্যবহারকারীকেও কঠোর অপরাধী বানিয়ে কাঠগড়ায় তোলে। আদালতের নির্দেশে একজন মাদকাসক্ত মানুষকে যখন কারাগারে নিক্ষেপ করা হয়, তখন সেখানে বিজ্ঞানসম্মত ডিটক্সিফিকেশন, কার্যকর সাইকোথেরাপি কিংবা ক্ষতি কমানোর উদ্যোগ পাওয়ার সুযোগ থাকে নামমাত্র।

আচরণগত আসক্তির ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের আরেকটি নীরব ও ভয়াবহ বাস্তবতা হলো ‘প্রবলেম গ্যাম্বলিং’ বা জুয়ার প্যাথলজিক্যাল আসক্তি (আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, ২০২২)। বিশেষ করে স্মার্টফোনে ছড়িয়ে পড়া অবৈধ অনলাইন বেটিং অ্যাপসের মাধ্যমে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই সংকট মহামারি আকার নিয়েছে। বিজ্ঞানের দৃষ্টিতে এটি কোনো সাধারণ লোভ বা নিছক আর্থিক অপরাধ নয়; বরং মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের একটি মারাত্মক বৈকল্য। আক্রান্ত ব্যক্তি সমস্ত ক্ষতি জেনেও বাজি ধরার তীব্র তাগিদ নিয়ন্ত্রণ করতে পারেন না।

কিন্তু আমাদের ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন বা সাম্প্রতিক সাইবার নিরাপত্তাকাঠামো এই মানসিক সমস্যাকে কেবল বেআইনি জুয়া খেলা ও সাইবার অপরাধ হিসেবে দেখে। ফলে ভুক্তভোগী যখন দেনার দায়ে নিঃস্ব হয়ে অপরাধ কিংবা আত্মহত্যার পথ বেছে নেন, তখনো রাষ্ট্র তাকে কেবল অপরাধী বানায়; অথচ তার প্রয়োজন ছিল জরুরি মনস্তাত্ত্বিক সাইকোথেরাপি।

আইনি এই অচলাবস্থার পাশাপাশি সমাজে চেপে বসে আছে গভীর সামাজিক কুসংস্কার। আত্মহত্যার প্রচেষ্টাকে দেখা হয় পাপ বা নৈতিক স্খলন হিসেবে, মাদকাসক্তিকে বিচার করা হয় নিছক চরিত্রহীনতা দিয়ে, আর প্রবলেম গ্যাম্বলিংয়ের মতো আচরণকে তকমা দেওয়া হয় অসৎ প্রবৃত্তি হিসেবে।

সমাজ ও রাষ্ট্রের নীতিনির্ধারকেরা অনেকেই অজ্ঞাত যে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি, মোটিভেশনাল ইন্টারভিউ কিংবা আধুনিক ফার্মাকোথেরাপির মাধ্যমে এসব সংকটের দীর্ঘস্থায়ী নিরাময় সম্ভব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০২২)। অপরাধের ভয় দেখিয়ে চিকিৎসা আটকে দেওয়ার সংস্কৃতি পরিবারগুলোকেও ঠেলে দেয় নীরবতার খাঁচায়।

বিশ্বের বহু দেশ কিন্তু এই অন্ধত্ব থেকে বেরিয়ে এসে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০১ সালে পর্তুগাল ব্যক্তিগত পর্যায়ে মাদক ব্যবহারকে অপরাধের তালিকা থেকে বাদ দিয়ে ব্যবহারকারীদের আদালতের পরিবর্তে মনোবিজ্ঞানী ও সমাজকর্মীদের সমন্বয়ে গঠিত ‘ডিসুয়েশন কমিশন’-এর সামনে নেওয়ার নিয়ম করে, যা মাদকজনিত মৃত্যু নাটকীয়ভাবে কমিয়েছে (হিউজেস ও স্টিভেন্স, ২০১০)।

যুক্তরাজ্য ১৯৬১ সালেই আইন করে আত্মহত্যার চেষ্টাকে অপরাধের তালিকা থেকে বাদ দিয়েছে। এমনকি পার্শ্ববর্তী ভারতেও ২০১৭ সালের মানসিক স্বাস্থ্য আইনের ১১৫ ধারার সুবাদে আত্মহত্যার চেষ্টাকারীকে অপরাধী না ভেবে তীব্র মানসিক চাপে থাকা রোগী বিবেচনা করে তাৎক্ষণিক মানসিক সেবা নিশ্চিত করা হয় (ডাফি ও অন্যান্য, ২০২০)।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রবলেম গ্যাম্বলিংকে ফৌজদারি অপরাধ হিসেবে না দেখে এটিকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে; সেখানে জুয়াড়িদের জন্য জাতীয় হেল্পলাইন, বাধ্যতামূলক সেলফ-এক্সক্লুশন স্কিম এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমে নিখরচায় সাইকোথেরাপির সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় সাধারণ আদালতের বিকল্প হিসেবে থাকা ‘মেন্টাল হেলথ কোর্ট’ মানসিক রোগীদের শাস্তির বদলে পর্যবেক্ষণমূলক চিকিৎসা ও সমাজে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে (স্টেডম্যান ও অন্যান্য, ২০১১)।

বাংলাদেশকে যদি একটি আধুনিক ও মানবিক রাষ্ট্র হতে হয়, তবে অবিলম্বে দণ্ডবিধির ৩০৯ ধারা বাতিল করে আত্মহত্যার প্রচেষ্টাকে অপরাধমুক্ত করতে হবে। মাদক নিয়ন্ত্রণ, প্রকাশ্য জুয়া আইন ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কাঠামোকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মানদণ্ডে যুগোপযোগী করা জরুরি। একই সঙ্গে পুলিশ, আইনজীবী ও বিচারকদের জন্য মনের অসুখ ও ফৌজদারি অপরাধের সূক্ষ্ম পার্থক্য বোঝার বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

একজন মানসিক যন্ত্রণাগ্রস্ত মানুষকে হাতকড়া পরিয়ে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা নয়, বরং তাকে সহমর্মিতা, সাইকোথেরাপি ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের ছায়াতলে টেনে আনাই সভ্য সমাজের একমাত্র পথ।

ইমদাদুল হক তালুকদার মানসিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

* Alzheimer’s and Related Disorders Society of India. (2020). Dementia India report 2020: Special report on the national dementia strategy. ARDSI. https://www.ardsi.org/

* GBD 2019 Dementia Forecasting Collaborators. (2022). Estimation of the global prevalence of dementia in 2019 and forecasted prevalence in 2050: An analysis for the Global Burden of Disease Study 2019. The Lancet Public Health, 7(2), e105-e125. https://doi.org/10.1016/S2468-2667(21)00249-8

* Islam, M. A., Dey, S. K., Hasan, M., Kabir, M. A., & Rahman, M. M. (2022). Prevalence of dementia and associated factors among older adults in Bangladesh: A nationwide population-based study. Journal of Alzheimer’s Disease, 88(3), 1125-1137. https://doi.org/10.3233/JAD-220184

* World Health Organization. (2017). Global action plan on the public health response to dementia 2017-2025. World Health Organization. https://www.who.int/publications/i/item/9789241513487

* World Health Organization. (2021). Global status report on the public health response to dementia. World Health Organization. https://www.who.int/publications/i/item/9789240033245




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »