
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫: ২০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতার চাহিদা বাড়তে থাকায় স্পেসএক্সের কাছ থেকে আরো কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেছে গুগল। শনিবার এ তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর আনাদোলুর।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর পোস্টের জবাবে মাস্ক এ কথা বলেন। ওই ব্যবহারকারী ধারণা দিয়েছিলেন, অ্যানথ্রপিকসহ অন্যান্য এআই প্রতিষ্ঠানের তুলনায় স্পেসএক্সের কাছ থেকে বেশি কম্পিউটিং সক্ষমতা কিনতে পারে গুগল।
জবাবে মাস্ক লেখেন, ‘কে বেশি কিনবে, তা নিশ্চিত নই। তবে গুগল আমাদের কাছ থেকে আরো কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার আগ্রহ জানিয়েছে।’
এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিজেদের ডেটা সেন্টার কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্পেসএক্স। শক্তিশালী এআই ব্যবস্থা তৈরিতে প্রতিযোগিতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কম্পিউটিং সক্ষমতার বড় সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে কোম্পানিটি।
সম্প্রতি দক্ষিণ টেক্সাসে আরেকটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির সদর দপ্তর স্টারবেসের কাছেই এটি নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন এবং ওই এলাকার পানির সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
দ্রুতগতিতে ডেটা সেন্টার চালু করছে কোম্পানিটি। মেমফিসে স্পেসএক্সের একটি ডেটা সেন্টার মাত্র ১২২ দিনে চালু হয় এবং ২৭৬ দিনের মধ্যে নির্ধারিত সক্ষমতায় পৌঁছায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
গুগল ও অ্যানথ্রপিক ইতোমধ্যে স্পেসএক্সের বড় গ্রাহক। বিদ্যমান চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানই কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের জন্য কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ও পানির অতিরিক্ত ব্যবহার এবং স্থানীয় জনজীবনের ওপর প্রভাবের আশঙ্কায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা ডেটা সেন্টার নির্মাণে বিধিনিষেধ আরোপের দাবি জোরালো করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন