● ●


সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস

সিডনি অপেরা হাউস চত্বরে রোববার অন্য রকম ভিড়। কেউ পরিবার–পরিজন নিয়ে এসেছেন অনুষ্ঠান দেখতে, কেউ সঙ্গীদের নিয়ে সেলফি তুলছেন। বিশ্বখ্যাত স্থাপত্যটিকে পেছনে রেখে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন অনেকে। ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবসে সেখানে গিয়ে চোখে পড়ে এমনই উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের আসা–যাওয়া আর সংগীতের আয়োজনে চেনা অপেরা হাউস যেন পেয়েছে বাড়তি প্রাণ।
বিশ্বজুড়ে অনেকের কাছে অপেরা বলতেই সিডনি অপেরা হাউসের ছবি ভেসে উঠলেও এই মঞ্চশিল্পের জন্ম ষোড়শ শতকের শেষভাগে ইতালির ফ্লোরেন্সে। সেই শিল্পকে উদ্‌যাপনের দিনে সুর আর উৎসবের কেন্দ্র হয়ে উঠেছিল সিডনির এই ঐতিহাসিক স্থাপনাও।

.

সিডনি অপেরা হাউসের জোয়ান সাদারল্যান্ড থিয়েটারে অপেরা অস্ট্রেলিয়ার আয়োজনে পরিবেশিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান গ্রেট অপেরা হিটস। এতে শিল্পীরা পুচিনি, ভের্দি, রসিনি ও বিজের বিখ্যাত গানগুলো পরিবেশন করেন। পাশাপাশি কনসার্ট হলে মঞ্চস্থ হয় জনপ্রিয় সংগীতনাট্য মাই ফেয়ার লেডি।

.

মিলনায়তনের ভেতরে পরিবেশনা আর বাইরে দর্শনার্থীদের ভিড়—দুইয়ে মিলে জমে ওঠে দিনের আয়োজন। আয়োজকদের একজন জানালেন (নাম প্রকাশ করতে রাজি হননি), ব্রডওয়েতে প্রথম মঞ্চস্থের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিডনি অপেরা হাউসে এসেছে মাই ফেয়ার লেডির এই আয়োজন। এর কেন্দ্রে ফুল বিক্রেতা এলাইজা ডুলিটলের বদলে যাওয়ার গল্প। এলাইজা চরিত্রে অভিনয় করেছেন ক্লেয়ার লায়ন, আর অধ্যাপক হেনরি হিগিনসের ভূমিকায় ন্যাথানিয়েল পার্কার। প্রযোজনাটি সাজানো হয়েছে জুলি অ্যান্ড্রুজের নির্দেশনায় ২০১৬ সালে মঞ্চে আসা অস্ট্রেলীয় সংস্করণের ভিত্তিতে। ‘আই কুড হ্যাভ ড্যান্সড অল নাইট’ ও ‘উডন্ট ইট বি লাভারলি?’–এর মতো পরিচিত গান রয়েছে এতে। সংগীতনাট্যটির প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

.

বিশ্বখ্যাত দুই সুরকার—ফ্রান্সের জর্জেস বিজে ও অস্ট্রিয়ার দ্বিতীয় জোহান স্ট্রসের জন্মদিন স্মরণে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবস পালিত হয়। ২০১৮ সালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত বিশ্ব অপেরা ফোরামের আলোচনার সূত্র ধরে ২০১৯ সালে যৌথভাবে দিবসটি পালন শুরু করে অপেরা আমেরিকা, অপেরা ইউরোপা ও অপেরা লাতিনো–আমেরিকা। নতুন দর্শকের কাছে অপেরাকে পৌঁছে দেওয়া এবং এই শিল্পের প্রতি আগ্রহ বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
অপেরার গল্পে উঠে আসে ভালোবাসা, বিচ্ছেদ, আনন্দ কিংবা বেদনার মতো চেনা অনুভূতি। ভাষা আলাদা হলেও সেই আবেগের সঙ্গে একাত্ম হতে পারেন নানা দেশের দর্শক। সুর ও গল্পের মধ্য দিয়ে মানুষের এই কাছাকাছি আসার বিষয়টিও সামনে আনতে চায় বিশ্ব অপেরা দিবস। আয়োজকদের মতে, অন্যের অনুভূতি বুঝতে এবং ভিন্ন সংস্কৃতির প্রতি উদার হতে ভূমিকা রাখতে পারে এই শিল্প।

.

উদ্‌যাপনের পাশাপাশি সামনে এসেছে এই শিল্পের নেপথ্যের মানুষদের অনিশ্চয়তার কথাও। জার্মান অর্কেস্ট্রা পরিচালক কেভিন জন এডুসেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বিশ্বজুড়ে বহু অপেরাশিল্পী ও কলাকুশলী এখনো স্বল্পমেয়াদি চুক্তি, মহড়ায় পারিশ্রমিক না পাওয়া ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। অপেরাকে টিকিয়ে রাখতে তাঁদের ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে রোববার সিডনি অপেরা হাউসে কেটেছে এক ব্যস্ত, উৎসবমুখর দিন। নানা আয়োজনে মুখর এই প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন নানা দেশ ও বর্ণের মানুষ। ভাষা আর সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে তাঁরা একসঙ্গে উপভোগ করেছেন সুর ও অভিনয়ের রস। কেউ ক্যামেরায় ধরে রেখেছেন প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত, কেউ ফিরেছেন মঞ্চের মুগ্ধতা নিয়ে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »