
প্রশিক্ষিত সাঁতারু ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। তাই এই তরুণের পানিতে ডুবে মৃত্যু হতে পারে না বলে মনে করেন তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম। তিনি আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘সে (তাহসিফ) কারও ধাওয়ায় দৌড় দেবে, আর তাকে ধাওয়াই বা কে দেবে? প্রশ্নই আসে না। আর ধাওয়ায় দৌড় দেওয়ারও কথা না।’
গত মঙ্গলবার বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। পরদিন ঢাকার উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জায়গাটি রাজবাড়ী ঘাট হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার পর কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। তাহসিফকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেছিলেন।
গত বৃহস্পতিবার দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে নৌ পুলিশ। আদালতে তোলা হলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বলছে, ঘটনার দিন দীপ ও তাহসিফ একসঙ্গে ছিলেন। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।
.
‘ছেলের মৃত্যুর কারণ জানতে চান বাবা’
তাহসিফের বাবা এনায়েতুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর মৃত্যুর কারণ জানতে চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক—এটাই আমাদের প্রত্যাশা।’
ছেলে পানিতে ডুবে মারা গেছেন, তা মানতে পারছেন না এনায়েতুল করিম। তিনি বলেন, তাঁর ছেলে সাঁতারে প্রশিক্ষণ নিয়েছিলেন। এ ছাড়া মিডিয়ার ওপর বিশেষ প্রশিক্ষণও ছিল তাঁর। এ বিষয়ে সার্টিফিকেট রয়েছে। চাকরির শেষের অল্প দিন আগে তিনি এ বিষয়ে বিশেষ কোর্স করেছিলেন।
তাহসিফের বাবা বলেন, তাঁর ছেলে অত্যন্ত সাহসী ও মেধাবী ছিলেন। কোনো পুলিশ কর্মকর্তা তাঁকে ধাওয়া করবেন এবং তিনি ধাওয়া খেয়ে দৌড় দেবেন— এমনটা বিশ্বাস করেন না তিনি। তাঁর কাছে বিষয়টি হাস্যকর মনে হচ্ছে।
এনায়েতুল করিম বলেন, ‘একজন কমিশন্ড অফিসারের সামনে ১০০ পুলিশ অফিসার দাঁড়ালেও তো দৌড় দেওয়ার কথা নয়। কমিশন্ড অফিসারদের মধ্যে জিডি পাইলটরা সেরা। সেরা ছেলেদের জিডি পাইলট হিসেবে নির্বাচন করা হয়।’
.
সে (তাহসিফ) কারও ধাওয়ায় দৌড় দেবে, আর তাকে ধাওয়াই বা কে দেবে? প্রশ্নই আসে না! আর ধাওয়ায় তার দৌড় দেওয়ারও কথা না।
এ কে এম এনায়েতুল করিম, নিহত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বাবা
.
তাহসিফের বাবা জানান, তাঁর ছেলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর বাসা থেকে বের হন। দীপ নিচে এসে ডাক দিলে তাহসিফ মাকে বলেন, ‘আম্মু, আমি একটু কথা বলে আসছি।’ এরপর তিনি আর বাসায় ফেরেননি।
এনায়েতুল করিম বলেন, তাহসিফের মা বারবার ফোন করে জানতে চেয়েছেন, কখন ফিরবেন। প্রতিবারই তাহসিফ বলেছেন, ‘আম্মা, এই আসছি, আসছি।’ রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা পাঠিয়ে তাহসিফ জানান, রওনা হয়েছেন। তবে কোথা থেকে রওনা হয়েছেন, তা বলেননি। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সারা রাত ফোন করেও কোনো সাড়া পাননি তাঁরা।
.
পরদিন সন্ধ্যার একটু আগে নৌ পুলিশ ফোন করে তাহসিফের লাশ পাওয়ার কথা জানায়। তাঁর বাবা বলেন, ‘খবর পেয়ে আমরা ছুটে যাই। তবে সেদিন লাশ পাইনি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে আমার কাছে লাশ হস্তান্তর করা হয়।’
‘আমি অত্যন্ত আপসেট’
ছেলের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তাহসিফের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে উল্লেখ করে এনায়েতুল করিম বলেন, ‘আমি অত্যন্ত আপসেট। বাবা হিসেবে আমার ছেলেকে হারিয়েছি। আবার ফেসবুকসহ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে। আমি ১০ ভাই–বোনের মধ্যে সবার বড়। আমার আম্মা রত্নগর্ভা। আমার প্রত্যেক ভাই-বোনকে পরিচয় দেওয়ার মতো করে বড় করেছি। এই বড় পরিবারকে আমি গড়ে তুলেছি। এ কারণে আমাকে শক্ত থাকতে হবে।’
সাংবাদিকদের সামনে হাউমাউ করে কাঁদলে তাঁর ছেলে ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। এনায়েতুল করিম বলেন, ‘কোনো ধরনের দুর্ঘটনা হলে আমি এটাকে খুব সহজ করার চেষ্টা করি, যাতে পারিপার্শ্বিক সবাই মানসিক সাহস ও শক্তি পায়। আমার ভেতরে কীভাবে ভেঙে পড়ছে, কী হচ্ছে, আমি কীভাবে হাউমাউ করে কাঁদছি, চিৎকার করছি—এটা তো আমি আমার রুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে করছি। সেটা তো আমি দেখছি, আল্লাহ দেখছেন। যা–ই হোক, এটা ব্যক্তিগত ইস্যু।’
.তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা.
দীপের বক্তব্য নিয়ে প্রশ্ন
তাহসিফের বাবার ভাষ্য, ছেলের বন্ধু দীপের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন। দীপ তাঁকে বলেছিলেন, তাঁরা একসঙ্গে রাতের খাবার খেয়েছেন এবং তাহসিফকে বাসার সামনে রেখে চলে গেছেন; কিন্তু পরে তাহসিফের মোটরসাইকেল দূরে পাওয়া যায়। এ নিয়ে এনায়েতুল করিমের প্রশ্ন, ‘বন্ধু দীপ যদি তাহসিফকে বাসার কাছেই রেখে এসে থাকেন, তাহলে মোটরসাইকেল ওইখানে কীভাবে পাওয়া গেল?’
এনায়েতুল করিম বলেন, ‘আমি ছেলেকে না পেয়ে বন্ধুকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করেছিলাম, কোথা থেকে বিদায় নিয়েছ? সে বলল, ১ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে বিদায় নিয়েছে; আবার বলল, ভেতরে দাঁড়িয়ে বিদায় নিয়েছে। আমাকে আরও বলেছে, রাত ১২টার মধ্যে সে বাসায় চলে গেছে। পরে আবার জানতে পারলাম, সে রাত আড়াইটার পরে বাসায় গেছে। এই বিষয়গুলো তো প্রশ্নবিদ্ধ।’
তাহসিফের বাবা আরও বলেন, দীপ পুলিশকে জানিয়েছেন, দুজন রাজাঘাটের দিকে গিয়েছিলেন। সেখানে পুলিশের পোশাক পরা দুজনকে দেখে তাঁরা দৌড় দেন। পরে আবার বলা হয়েছে, তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে এসব বিষয়ে তিনি নিজে কিছু জানেন না।
এনায়েতুল করিম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। তবে সে আমাকে বলেছে, আমার ছেলেকে সেখানে রেখে গেছে। পরে তার মোটরসাইকেল ওখানে পাওয়া গেছে বলে শুনেছি। তারা একসঙ্গে সেখানে গেছে, তাহলে এই কথার মধ্যে যে অসংগতি, তা তো প্রশ্নবিদ্ধ।’
.বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য.
তাহসিফের বাবা বলেন, তাঁর ছেলে বাসা থেকে বের হওয়ার পর কী ঘটেছে, তা তিনি জানেন না। তবে ঘটনাটি সম্পূর্ণ অস্বাভাবিক বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘এটা আমার ছেলের ক্ষেত্রে মেনে নেওয়া যায় না।’
তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছেন। পরে নেত্র নিউজেও কাজ করেছেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁর বাবা।
নিরপেক্ষ তদন্তের দাবি এইচআরএসএসের
কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।
আজ এইচআরএসএসের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তাহসিফের মৃত্যু ঘিরে বিভিন্ন তথ্য ও বক্তব্যে অসংগতি রয়েছে। এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন প্রকাশ, ডিজিটাল ও বস্তুগত সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ, পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হেফাজতে থাকা ব্যক্তির আইনি অধিকার রক্ষার দাবি জানিয়েছে সংগঠনটি।
.তাহসিফ হত্যা মামলা তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপ রিমান্ডে