
ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে প্রকাশ করেছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। এ নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে আলোচনা চলার মধ্যেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে দুই কমিটি বাতিলের কারণ হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা বলা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
.
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
.
কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁরা কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করছিলেন নতুন করে কমিটি দেওয়ার জন্য। কিন্তু এ রকম একটি ঘটনার মধ্য দিয়ে তা হবে, সেটা কখনো ভাবেননি।
মোমিনুর রহমান মালিতা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিদায়ী সাধারণ সম্পাদক
.
উল্লেখ্য, গতকাল শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান তাঁর ছেলের এইচএসসি পাস করায় ছবিসহ একটি পোস্ট দেন। এরপর ছাত্রদল নেতার বয়স নিয়ে দলের ভেতরে–বাইরে নানা রকম আলোচনা শুরু হয়।
.
২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।
.
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিদায়ী সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁরা কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করছিলেন নতুন করে কমিটি দেওয়ার জন্য। কিন্তু এ রকম একটি ঘটনার মধ্য দিয়ে তা হবে, সেটা কখনো ভাবেননি। তিনি এ জন্য কমিটির সভাপতি শাজাহান খানের খামখেয়ালিপনাকে দায়ী করেন। এইচএসসি পাস ছেলের ফল নিয়ে ফেসবুকে এভাবে প্রকাশ্যে না এলেও পারতেন বলে মনে করেন তিনি।
২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।
কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি শাজাহান খান। দীর্ঘ ২৮ বছর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় কর্মী থেকে নেতা হয়ে ইতিবাচক ভূমিকা রাখার কথা উল্লেখ করে শাজাহান বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে পরবর্তী সময়ে যুবদলের রাজনীতিতে থাকার ইচ্ছা আছে।