
মাদক গ্রহণের অভিযোগে ৮৫ জনকে কারাদণ্ড দেওয়া হলো, অথচ তাঁরা মাদক গ্রহণ করেছিলেন কি না, সেই পরীক্ষাই করা হয়নি। ঢাকার ভাটারায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের এভাবে সাজা দেওয়ার ঘটনায় ন্যায়বিচারের মৌলিক শর্তগুলো লঙ্ঘনের গুরুতর প্রশ্ন তুলেছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর দিবাগত রাতে বাড়িটিতে অভিযান চালায় ডিবি। আটক ২৬ নারীকে ১৫ দিন করে এবং পুরুষদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের জরিমানাও করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ নিয়ে যাওয়া একজন শিল্পীও রয়েছেন বলে তাঁর বাবা জানিয়েছেন।
.
সবচেয়ে উদ্বেগজনক হলো, মাদক পরীক্ষা না করার বিষয়টি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটও স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, আসামিরা দোষ স্বীকার করায় সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে স্বজনদের অভিযোগ, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে কাগজে সই নেওয়া হয়েছিল। এই পরস্পরবিরোধী বক্তব্যের নিষ্পত্তি প্রয়োজন।
জরিমানা আদায়ের নথিতে যে বিধান উল্লেখ করা হয়েছে, সেখানে মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের বিষয় রয়েছে। তাহলে প্রত্যেক ব্যক্তির নেশাগ্রস্ত থাকার প্রমাণ কী? কার আচরণে কীভাবে জনশান্তি বিঘ্নিত হয়েছিল? বাড়িতে কয়েকটি মদের বোতল ও অন্যান্য মাদক উদ্ধারের দাবির ফলে উপস্থিত সবার মাদক গ্রহণ প্রমাণিত হয় না। উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে কার কী সংশ্লিষ্টতা, সেটি নির্ধারণ করতে হবে।
অভিযানের স্বচ্ছতা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। তল্লাশির আগে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া ও সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ কেন উঠল? মেমোরি কার্ড কোথায় এবং জব্দের তালিকায় তার উল্লেখ নেই কেন? অভিযানের যথাযথ বিবরণ জানতে এসব ফুটেজ গুরুত্বপূর্ণ হতে পারত। সংশ্লিষ্ট সব ডিজিটাল প্রমাণ, জব্দের তালিকা ও স্বীকারোক্তির নথি সংরক্ষণ করতে হবে। কোনো তথ্য যাতে নষ্ট বা পরিবর্তিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।
.
আটক ব্যক্তিদের দুটি কক্ষে জড়ো করে ভিডিও ধারণ এবং পরে তা ছড়িয়ে পড়ার ঘটনাও গভীর উদ্বেগের। অপরাধের তদন্তের প্রয়োজন ও জনসমক্ষে কাউকে অপমান করার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। কারও চেহারা ও পরিচয় ছড়িয়ে দিয়ে তাঁর পরিবার, কর্মজীবন ও সামাজিক মর্যাদার যে ক্ষতি করা হয়, পরবর্তী প্রতিকারেও তা সহজে মুছে যায় না।
সরকারের উচিত দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ পর্যালোচনা ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করা। প্রমাণ ছাড়া বা অনিয়মের মাধ্যমে সাজা হয়ে থাকলে তা বাতিল করে অবিলম্বে মুক্তির ব্যবস্থা নিতে হবে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে হবে যথাযথ প্রমাণ ও ন্যায়সংগত প্রক্রিয়ায়। নাগরিকের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করে পরিচালিত অভিযান কোনোভাবেই সাফল্যের নজির হতে পারে না।