
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০: ০৭
নববর্ষের পর ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারো সামরিক হামলা চালানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে অর্থহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, ইরানি আলোচকেরা কেবল সময়ক্ষেপণ করছেন।
রোববার ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ইরান আরো আগ্রাসী হয়ে উঠেছে এবং দেশটির কর্মকর্তারা আলোচনার নামে শুধু কালক্ষেপণ করছেন।
ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগের তুলনায় তারা এখন আরো বেশি আগ্রাসী।’ ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার কথার কারিগর’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা সারাক্ষণ কথা বলে যায়। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।’
এমন এক সময়ে ট্রাম্পের এই হুঁশিয়ারি এল, যখন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রয়েছে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বিস্তৃত হয়েছে। মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।
ইরানের নৌবাহিনী মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করার চেষ্টা করলে কী ঘটতে পারে, সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি আশা করি, তারা এমনটা করার চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর সদস্যরাও সমুদ্রের তলদেশে যাবে, যেমনটা তাদের বাকিদের হয়েছে।’
এদিকে ইরানের বিভিন্ন শহরে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটিতে চলমান বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি বার্তা দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘বিক্ষোভ চালিয়ে যান।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন