
হ্যালোইন আবহে উইচ-থিমের পার্টিতে ছিল মোমবাতির আলো, গাঢ় লাল গোলাপ, কালো রঙের সাজসজ্জা আর বিশেষভাবে তৈরি করা খাবারের মেনু। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমে ওঠা এই আয়োজনে ছিলেন খুশি কাপুর, সুহানা খান ও অনন্যা পান্ডের মতো তারকারাও।
শানায়ার জন্মদিনের আয়োজনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর বোন খুশি কাপুর। ছবিগুলোতে চোখে পড়ে পার্টির ব্যতিক্রমী সাজসজ্জা। লম্বা ডাইনিং টেবিলে বিছানো ছিল কালো লেসের নকশার টেবিলক্লথ। তার ওপর সাজানো কালো প্লেট, সোনালি রঙের কাটলারি ও কাচের গ্লাস।
টেবিলজুড়ে রাখা সাদা পিলার ক্যান্ডল আর গাঢ় লাল গোলাপের ফুলের সাজ পুরো পরিবেশে এনেছিল রহস্যময় আবহ। এর সঙ্গে ছিল খুলি আকৃতির ডেকোরেশনের অনুষঙ্গ, যা হ্যালোইনের সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ঘরের ঝাড়বাতি ও মোমবাতির উষ্ণ আলোয় তৈরি হয়েছিল এক অন্তরঙ্গ, নাটকীয় পরিবেশ।
পার্টির থিমের সঙ্গে মিল রেখে কালো পোশাকে দেখা গেছে শানায়া ও খুশিকে। বোনের সঙ্গে ছবি শেয়ার করে খুশি লিখেছেন, ‘উইচিং আওয়ার এইচবিডি’। অর্থাৎ জাদুময় এক রাতে জন্মদিনের শুভেচ্ছা।
শুধু সাজসজ্জা নয়, খাবারের আয়োজনেও ছিল চমক। অতিথিদের জন্য রাখা হয়েছিল বিশেষভাবে তৈরি মেনু কার্ড, যার নাম ‘এ নাইট টু ডাই ফর’। প্রতিটি আসনের সামনে ছিল ব্যক্তিগত ছবি সংবলিত কার্ড ও খাবারের তালিকা।
মেনুতে ছিল অ্যাভোকাডো ও টুনা টাটাকি কার্পাচিও, স্নো পিস ও পনজু সস। এ ছাড়া ছিল তেরিয়াকি চিকেন ওকোনোমিয়াকি এবং চিংড়ি ও ব্ল্যাক গার্লিক দিয়ে তৈরি গিওজা। সঙ্গে ছিল বেলপার নোল চিজ ও চিলি ক্রিস্পের মতো উপকরণ। খাবারের শুরুতে পরিবেশন করা হয় বেরি সরবেট, হাউস গ্রানোলা ও তাজা বেরি দিয়ে তৈরি অ্যামিউজ-বুশ। এরপর ছিল আদার সুগন্ধে রান্না করা চিকেন, সঙ্গে সোবা নুডলস, আমন্ড মিল্ক ব্রথ, কিউরড টোফু ও নরি চিপস।
মেনুর আরেকটি আকর্ষণ ছিল মিসো দিয়ে মেরিনেট করা ব্ল্যাক কড মাছ। এর সঙ্গে পরিবেশন করা হয় নরম ত্তোকবোক্কি, হাউস কিমচি ও ফাভা বিন সস। সব মিলিয়ে খাবারের আয়োজনেও ছিল পার্টির থিমের মতোই ব্যতিক্রমী পরিকল্পনা।
শানায়ার জন্মদিনে সবচেয়ে মজার শুভেচ্ছাগুলোর একটি এসেছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডের কাছ থেকে। বন্ধুকে চমকে দিতে নিজের পরনে একটি কাস্টমাইজড কালো টি-শার্ট বেছে নিয়েছিলেন অনন্যা। টি-শার্টে ছাপা ছিল ছোটবেলার শানায়ার ছবি। ছবিটি শেয়ার করে অনন্যা মজা করে লিখেছেন, ‘বন্ধুর জন্মদিন, অথচ কিছু না বলেও কীভাবে সেটা বোঝানো যায়!’
এ ছাড়া শানায়ার কেক কাটার মুহূর্তও ভাগ করে নিয়েছেন অনন্যা। কালো অফশোল্ডার পোশাকে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ছবির সঙ্গে বন্ধুকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়ে অনন্যা লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসা, জন্মদিনের শুভেচ্ছা, আমার শানায়া পাপায়া।’
জন্মদিনের সাজসজ্জা থেকে খাবারের মেনু, এমনকি বন্ধুদের শুভেচ্ছা। সবকিছুতেই ছিল শানায়ার আয়োজনের বিশেষত্ব। প্রচলিত জন্মদিনের পার্টির বদলে হ্যালোইনের রহস্যময় আবহে সাজানো এই উদ্যাপন যেন হয়ে উঠেছিল এক রাতের জন্য তৈরি করা অন্য রকম এক জগৎ।