● ●


আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’

বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সংসারজীবনে আবারও বিচ্ছেদের অধ্যায়। ব্যবসায়ী স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। এটি কণিকার দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১২ সালে প্রথম স্বামী রাজ চন্দকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে কণিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যরা, অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর আমি ও আমার স্বামী আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। আমাদের জীবনের এই পরিবর্তনের সময় সবার কাছে অনুরোধ, আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’

বিচ্ছেদের কারণ নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানাননি গায়িকা। তবে বিচ্ছেদের ঘোষণার এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিয়ের ছবিগুলো সরিয়ে ফেলেছিলেন তিনি। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।

.

তৃতীয় কেউ নেই, জানালেন কণিকা

বিচ্ছেদের খবর প্রকাশের পর তাঁদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে গৌতমের কর্মস্থল নাইজেরিয়ার লাগোসে গিয়ে থাকতে না চাওয়ায় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে কিছু প্রতিবেদনে দাবি করা হয়। তবে এসব দাবি নাকচ করেছেন কণিকা।

মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে কণিকা স্পষ্ট করেছেন, তাঁদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তি নেই। তাঁর ভাষায়, তিনি নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি। তাঁর জানা অনুযায়ী, গৌতমও অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াননি।

কণিকা বলেন, দ্বিতীয়বার বিচ্ছেদের অভিজ্ঞতা তাঁর জন্য স্বাভাবিকভাবেই কষ্ট ও হতাশার। লাগোসে থাকতে চাননি বলে তাঁদের সংসার ভেঙেছে, এমন ধারণাও সঠিক নয় বলে জানান তিনি। তাঁর মতে, কোনো দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলে নারীকেই প্রথমে দায়ী করার প্রবণতা অন্যায্য। একটি সম্পর্কে ঠিক কী ঘটেছে, তা কেবল সেই দুজন মানুষই জানেন।

তিন সন্তানের দায়িত্বও কণিকাকে সামলাতে হয়। তাই বিচ্ছেদের পর গৌতমের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখতে চান তিনি। ভবিষ্যতে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

.

১৫ বছরের বন্ধুত্ব থেকে বিয়ে

কণিকা ও গৌতমের পরিচয় প্রায় ১৫ বছরের। বিয়ের আগে তাঁরা ভালো বন্ধু ছিলেন। একসময় সেই বন্ধুত্বই রূপ নেয় প্রেমের সম্পর্কে।

কণিকা জানিয়েছিলেন, ২০১৪ সালে প্রথমবার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। পরে ২০২০ সালেও একই প্রস্তাব দেন। শেষ পর্যন্ত ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।

বিয়ের আয়োজনে কণিকার তিন সন্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ছেলে যুবরাজ মাকে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন। দুই মেয়ে আয়ানা ও সামারাও বিয়ের আনুষ্ঠানিকতায় পাশে ছিল।

১৮ বছর বয়সে প্রথম বিয়ে, ২০১২ সালে বিচ্ছেদ

কণিকার প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। লন্ডনপ্রবাসী চিকিৎসক ও ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে বিয়ের পর যুক্তরাজ্যে চলে যান তিনি। সেখানে দীর্ঘ সময় সংসার করেছেন, বড় করেছেন তিন সন্তানকে।

.

তাঁদের সংসারে রয়েছে দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ। তবে ২০১২ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর ভারতে ফিরে সংগীতজীবনে মনোযোগী হন কণিকা।

প্রথম সংসার ভাঙার পর সন্তানদের নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন কণিকা। এরপর গানের জগতে নিজের অবস্থান শক্ত করেন। প্রায় এক দশক পর পুরোনো বন্ধু গৌতমের সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু চার বছর পর সেই সংসারও ভেঙে গেল।

.প্রেম-বিচ্ছেদ থেকে বিতর্ক, ৫৩-তেও আলোচনায় মালাইকা.

‘বেবি ডল’ থেকে বলিউডের জনপ্রিয় কণ্ঠ

কণিকা কাপুরের সংগীতজীবনের বড় সাফল্য আসে ২০১৪ সালে। সানি লিওনি অভিনীত ‘রাগিণী এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গানটি রাতারাতি তাঁকে জনপ্রিয় করে তোলে। গানটির সংগীতায়োজন করেছিল মিট ব্রাদার্স। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণিকার কণ্ঠ শোনা যায়। এরপর ‘রয়’ সিনেমার ‘ছিটিয়া কালাইয়া’, ‘এক পেহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফারাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’ গানগুলো তাঁকে আরও পরিচিতি এনে দেয়।

শাহরুখ খানের ‘দিলওয়ালে’ সিনেমার ‘টুকুর টুকুর’ গানেও কণিকার কণ্ঠ রয়েছে। এ ছাড়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জনপ্রিয় গান ‘ও আন্তাভা’র হিন্দি সংস্করণেও কণ্ঠ দিয়েছেন তিনি।

২০১২ সালে জিউসের সঙ্গে ‘জুগনি জি’ গান দিয়ে সংগীতজগতে পরিচিতি পেয়েছিলেন কণিকা। পরে বলিউডের প্লেব্যাক গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান। ২০১৯ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এ বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এএনআই অবলম্বেন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »