
বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে তুরস্কে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার তিনি ঢাকা ত্যাগ করেন। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা। তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। তাদের মধ্যে মমিনুল ইসলাম জিসান সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের একটি বিশেষ দিক তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন।সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর চীন সফর করেন তিনি। পরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এবং সবশেষ অর্থনৈতিক করিডোর বিগ-বি নিয়ে আলোচনার অংশ হিসেবে জাপান সফর করেন। এবার কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী।সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হয়েছেন। রাজস্বের হিসাব নেই, ভ্যাট ফেরতও আটকে—প্রশ্নবাণে জর্জরিত অর্থ উপদেষ্টা এর আগে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।সফরসঙ্গী দুই ছাত্রনেতার মধ্যে কাজী জিয়াউদ্দিন বাসিত বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ছাত্রদলের নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন রয়েছে তার প্রতি।বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগের টিম-৬-এর টিমলিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাসিত। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির মধ্যেও তার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হন। পাশাপাশি হল সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগেও যুক্ত রয়েছেন বাসিত। ছাত্রদল নেতাকর্মীদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষালয় স্থাপন, বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে তার সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া প্রবীণদের সম্মাননা ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার কাজও করেছেন তিনি। রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছেন বাসিত। পুলিশের অভিযানে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন পঙ্গুত্বও বরণ করতে হয়েছিল তাকে। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার প্রতিরোধে তার ভূমিকা প্রশংসিত হয়। রাজনৈতিক কারণে গুম এবং সপরিবারে হয়রানির শিকার হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।অন্যদিকে, ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সংকটের একটি বিশেষ দিক বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক সমস্যা যেমন—অনিয়মিত মৌসুম, অনাবৃষ্টি, নদীভাঙন, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং লবণাক্ততার কারণে জমির উর্বরতা নষ্ট হওয়ার বাইরে জলবায়ু পরিবর্তনজনিত ভিন্ন একটি বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে আশঙ্কাজনক হারে বজ্রপাত বৃদ্ধি ও প্রাণহানির ঘটনা।’প্রধানমন্ত্রীর এই সফরে দুই ছাত্রনেতার অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সম্মেলনে জলবায়ু সংকটের বিশেষ দিক তুলে ধরার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।