
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৩১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮: ৩২
চব্বিশের গণবিপ্লবের পর কিছু গণমাধ্যম এক সুরে বয়ান দাঁড় করানোর চেষ্টা করে যে, অতীতের ভোটের হিসাব পর্যালোচনা করে জামায়াত ১০ শতাংশের ওপর ভোট পাবে না । সুশীল হিসেবে পরিচিত কিছু চেনামুখও এই প্রচারণায় যোগ দেন। বিষয়টি এ রকম যে, আওয়ামী লীগ যেহেতু নেই—বিএনপি সরকার গঠন করবে, কিন্তু বিরোধী দল কে হবে? জামায়াত না এনসিপি । তখন থেকে এনসিপিকে তারা ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখাতে শুরু করে। তাদের প্রচারণার ধরনটা এমন ছিল, এনসিপি সরকার গঠন করতে না পারলেও স্বল্প ভোটের ব্যবধানে প্রধান বিরোধী দল থাকবে। আর জামায়াত সর্বোচ্চ ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। কিন্তু এই প্রচারণা পরে আর সেখানে স্থির থাকেনি। শেষ পর্যন্ত তা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিরোধী শক্তি হিসেবে উপস্থাপনের কৌশলে পরিণত হয়েছে।
যারা এ বয়ান ফেরি করে, তারা মূলত দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনে কোনো না কোনোভাবে বেনিফিশিয়ারি। যদিও নির্বাচনের আগে জামায়াতের প্রতি জনসমর্থন তাদের কপালে ভাঁজ দেখা দেয়। ফলে নির্বাচনের আগে ও পরে তাদের কিছু তৎপরতা ছিল সন্দেহজনক, যা ভোটের ফলকে প্রভাবিত করে বলে অনেকে মনে করেন। কয়েকজন উপদেষ্টার কথায় এর সমর্থন পাওয়া যায়।
দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনে জামায়াত প্রকাশ্যে দূরে থাক, গোপনেও কোনো সভা- সমাবেশ করতে পারেনি। সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করার কোনো সুযোগ দলটি পায়নি। সামাজিক অনুষ্ঠান এবং নামাজরত অবস্থায় জামায়াত-শিবির ট্যাগ দিয়ে তুলে নেওয়ার অনেক ঘটনা ঘটেছে। এমন এক পরিবেশ তৈরি করা হয়েছিল, রাজনৈতিক পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় অবশিষ্ট থাকে না । কোনো বিয়ের অনুষ্ঠানেও জামায়াত ও বিএনপির কেউ উপস্থিত হলে এই গোষ্ঠীটি জাত গেল বলে মিডিয়াপাড়া গরম করে রাখত। রাজনীতির মাঠে এখনো বর্তমান ক্ষমতাসীন দলের কেউ কেউ এই পরিবেশ থেকে বের হতে পারেনি ।
জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি, চাকরি, ব্যবসাসহ সব জায়গা থেকে কর্মী-সমর্থক-শুভার্থীরা বিতাড়িত হয়েছিলেন। এ অবস্থায় তথাকথিত সুশীলরা ধরেই নিয়েছিলেন জামায়াত আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাদের প্রিয় বাম দলগুলোর অস্তিত্ব সংকটের কারণে সুশীলরা তাদের প্রতি ভরসা করতে পারেননি। বিকল্প বিরোধী দল বানানোর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রধান বিরোধী দল নির্বাচিত হওয়ার পর তাদের নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ।
যে কারণে সরকার গঠনের পর তারা অতীতের বয়ান মুলতবি করে প্রকৃত বিরোধী দলের নতুন বয়ান বাজারে ছেড়েছে। আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে —‘জামায়াত প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না।’ প্রতিটি টকশো ও পত্রিকার কলামে জামায়াতকে ব্যর্থ বিরোধী দল হিসেবে দেখানোর প্রাণান্তকর চেষ্টা চলছে। সরকারের ব্যর্থতা কিংবা জবাবদিহির প্রশ্ন আড়াল করে জামায়াত নিয়েই তারা ব্যস্ত। আবার কখনো কখনো এনসিপি নেতাদের খণ্ডিত বক্তব্য কিংবা চটকদার বক্তব্য সামনে এনে প্রমাণ করার চেষ্টা হচ্ছে এনসিপিই প্রকৃত বিরোধী দল। এগুলো যে এনসিপির রাজনৈতিক অর্জনকে সামনে রেখে করা হচ্ছে, তা নয়, জামায়াতকে খাটো করার প্রকল্প থেকে করা হচ্ছে। আবার এনসিপির মাঠপর্যায়ের কোনো কর্মীর চুন থেকে পান খসলে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তরুনরা নেপালে সফল হলে বাংলাদেশে কেন সফল নয়, এসব প্রশ্ন তোলা হয়। এই প্রচারণার লক্ষ্য হলো এক ঢিলে তিন পাখি মারা। জামায়াতের সমর্থকদের কাছে এনসিপিকে ভিন্নভাবে উপস্থাপন এবং দুই দলের মধ্যে এক ধরনের বিরোধ দেখানো। একই সঙ্গে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা।
কারো কারো মুখে বলতে শোনা যায়, এনসিপি আলাদা নির্বাচন করলে আরো ভালো করত। এনসিপি নেতারাই ভালো বলতে পারবেন তৃণমূল পর্যায়ে নির্বাচনকে প্রভাবিত করার সক্ষমতা তাদের কেমন আছে । অবশ্য সামনে স্থানীয় নির্বাচন যেহেতু জোটবদ্ধ হচ্ছে না, সেখানেই কথিত প্রকৃত বিরোধী দলের অবস্থান পরিষ্কার হবে ।
তবে জামায়াতের ব্যাপারে সুশীলদের অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি, হবেও না। বাস্তবতা হলোÑজাতীয় সংসদে জামায়াতের অধিকাংশ সদস্য নতুন হলেও তারা গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছেÑপ্রকৃত বিরোধী দল হওয়ার জন্য অতীতের মতো সংসদ বর্জনের রেকর্ড ভাঙতে হবে? জামায়াতকে হরতাল, ভাঙচুর-অগ্নিসংযোগ ও গাড়িতে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করতে হবে? তাহলে কি প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা যাবে?
দেশে নাম না জানা ছোট দলের বড় নেতার অভাব নেই। একসময়ে উঠতি ছাত্রনেতাদের একটি দল জনগণকে অনেক স্বপ্ন দেখিয়েছিল কিন্তু তারা এখন পুরো দলসমেত ক্ষমতাসীন দলের পেটে চলে গেছে। যদিও ইনু-মেনন হতে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে।
রাজনৈতিক দল হিসেবে কেন্দ্র থেকে ওয়ার্ড-গ্রাম-পাড়া পর্যন্ত জামায়াতের বিস্তৃত সংগঠন আছে বলে ২৬-এর নির্বাচনে দলটি ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। ৫ থেকে ১০ শতাংশের বয়ান ভেঙে জামায়াত এখন অনেকটা গণসংগঠনে পরিণত হয়েছে।
অন্যদিকে, সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলটি ইতোমধ্যে জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছে। জোটবদ্ধভাবে এসব কর্মসূচি পালিত হচ্ছে। এটাই তো বিরোধী দলের কাজ—তার পক্ষে জনমত গঠন করা। যারা বলেন, বর্তমান বিরোধী দলকে দিয়ে হবে না, তাদের এই বয়ানের নেপথ্যে অন্য উদ্দেশ্য আছে। তারা বোঝাতে চান, বিরোধী দল হিসেবে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে দরকার। এটি মূলত ফ্যাসিবাদী গোষ্ঠীর বয়ান, যা বিরোধী দলকে ব্যর্থ দেখানোর আড়ালে উপস্থাপন করা হচ্ছে।
বাস্তবতা হচ্ছে, জামায়াতের কৌশল হলো ধ্বংসাত্মক রাজনীতি থেকে অতীতের মতো দূরে থাকা। গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার। যেখানে কার্যকর সংসদ হবে রাজনীতির কেন্দ্রবিন্দু। বিরোধী দল সে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সংসদকে কার্যকর রাখার প্রধান দায়িত্ব ক্ষমতাসীন দলের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন