● ●


বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার অর্ধশত নেতাকর্মী
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার অর্ধশত নেতাকর্মী

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৬: ৪৫

রাজধানীতে নাশকতার সঙ্গে জড়িত এবং মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) আকতার হোসেন এসব তথ্য জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

ডিসি আকতার জানান, ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করে ডিএমপি। আর উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑশামীম হোসেন, মিরাজ উদ্দিন মিয়া, মকবুল হোসেন, ওসমান গনী ওরফে ইউসুফ, মো. শান্ত, সাজেদুল ইসলাম, মো. দীপ্ত, শোয়েব শাহিন, মো. হানিফ (৩৭), মো. রায়হান (২৬) ও মারুফ আহমেদ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

উত্তরায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তুরাগ থানাধীন শুক্রভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, তিনি তুরাগ থানা আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। এছাড়া তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় মিরপুর-২ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।

খিলগাঁও থানা এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন শামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নন্দীপাড়া ছোট বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে উপস্থিত জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ। গতকাল দুপুরে খাজা মার্কেটের সামনে আকস্মিক বিকট শব্দে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতার সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজ শেষে ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রলীগের ২০-২৫ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুরাগ থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন ও রিফাতকে আটক করে। ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা ফেস্টুন উদ্ধার করে।

দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

নাশকতা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুরে পদ্মা সেতুর টোলপ্লাজায় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের চার নেতা। এছাড়া হবিগঞ্জের বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহের গফরগাঁও, নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নওগাঁ পুলিশ সুপারের অফিস সূত্রে জানা যায়, সদর থানা পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑজেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন, নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), ছাত্রলীগের সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান।

পত্নীতলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানা পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করে। জেলার বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সেলিম রেজা রিপন (৫২) উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।

ওসি মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবারে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑজাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সরদার।

গত সোমবার রাত দেড়টার দিকে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা টোলপ্লাজার সামনে দিয়ে চলাচলকারী কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২৫১ জনের নামে মামলা করেন।

ওবায়দুল কাদেরের মামাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান খান টিপু (৬৬) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

টিপু বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

কোম্পানীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, টিপুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলে শিহাবকে একই আইনে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বাহুবলে তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাহুবল সদর ইউনিয়ন, স্নানঘাট ও পুটিজুরী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑসুক আলী, শাহাবুদ্দিন ও গণী তালুকদার।

বাহুবল মডেল থানার ওসি রুহুল আমিন তালুকদার জানান, গ্রেপ্তার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশীষ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কালিঘাট চা বাগানের বাংলা টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশীষ কালিঘাট চা বাগানের বাংলা টিলা এলাকার মৃত নিরাকার কর্মকারের ছেলে।

আশীষের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, চা শ্রমিকদের ভাতার টাকা আত্মসাৎ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া বিভিন্ন নির্বাচনে ভোট কারচুপিতে সহযোগিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ময়মনসিংহে তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের দুই সক্রিয় কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেনÑরসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী মনির (৩৬), চরআলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী আল আমীন (৪০) এবং গফরগাঁও থানার সিআর সাজাপ্রাপ্ত আসামি হাজেরা খাতুন (৪৫)।

গফরগাঁও থানার ওসি মুশফিকুর রহমান জানান, গ্রেপ্তারদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু নাইম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মশাল মিছিলের ভিডিওতে আবু নাইমকে সামনের সারিতে দেখা যায়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা]

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »