● ●


আইপিওতে ইতিহাস গড়ল এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইপিওতে ইতিহাস গড়ল এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯: ৩৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর মধ্য দিয়ে গত জুনে ৭৫ বিলিয়ন ডলারের আইপিও নিয়ে বাজারে আসা স্পেসএক্সের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি ও এর সাতজন সহপ্রতিষ্ঠাতা ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার।

বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাওয়ায় আইপিওর আকার বাড়ানো হয়েছে। গত সপ্তাহে জমা দেওয়া করপোরেট নথিতে অ্যানথ্রপিক জানিয়েছিল, তারা ৭০ থেকে ৭৮ ডলার দামে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে।

এআই মডেল ক্লডের নির্মাতা প্রতিষ্ঠানটি ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে আরো ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করতে যাচ্ছে। এ ধরনের শেয়ার বিক্রিকে প্রাইভেট প্লেসমেন্ট বলা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির সংগৃহীত মূলধনের পরিমাণ দাঁড়াবে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে স্পেসএক্সের আইপিও থেকে মোট অর্থ সংগ্রহের পরিমাণ ছিল ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। অতিরিক্ত শেয়ার কেনার সুযোগ প্রয়োগ করায় প্রতিষ্ঠানটির আইপিওর মোট অর্থের পরিমাণ বেড়েছিল।

অ্যানথ্রপিকের এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। বর্তমান বাজারমূল্য অনুযায়ী বিশ্বের দ্বাদশ বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা। এ তালিকায় অ্যানথ্রপিকের ঠিক ওপরে রয়েছে টেসলা।

শেয়ার লেনদেন শুরু বৃহস্পতিবার

বৃহস্পতিবার নিউ ইয়র্কের নাসডাক শেয়ারবাজারে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা। ‘এএনটি’ প্রতীকে লেনদেন হবে প্রতিষ্ঠানটির শেয়ার।

ওপেনএআইয়ের সাবেক কয়েকজন গবেষক ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির আইপিও ঘিরে প্রযুক্তি খাতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এআই প্রযুক্তির বিস্তারে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিপুল বাজারমূল্য কতটা যৌক্তিক, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই শেয়ারবাজারে প্রবেশকে।

ব্যবসা ও সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই খাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে এআই-সংশ্লিষ্ট খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। ২০২৭ সালে তা বেড়ে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার হতে পারে।

বর্তমানে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মোট বাজারমূল্যের প্রায় অর্ধেকজুড়ে রয়েছে নতুন এই প্রযুক্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।

তবে এআই খাতে বিপুল বিনিয়োগ নিয়ে বিতর্কও রয়েছে। প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো কি ভবিষ্যতের বিপুল মুনাফার সম্ভাবনা দেখে বিনিয়োগ করছে, নাকি এটি একটি জল্পনানির্ভর বুদ্‌বুদ—তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০০০ সালে ডটকম ধসের আগে প্রযুক্তি খাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

এনভিডিয়া নিয়ে উদ্বেগের মধ্যেই আইপিও

এনভিডিয়াকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রযুক্তি বাজারে অস্থিরতার মধ্যেই অ্যানথ্রপিকের আইপিও এসেছে। এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারে বড় প্রভাব রয়েছে এনভিডিয়ার।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং গত সপ্তাহে পদত্যাগ করেছেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এমন এক নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন—এমন অভিযোগ উঠেছে। তবে অভিযোগটির পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপের দাবি উঠেছে। এতে এআই খাতের প্রবৃদ্ধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্যকেন্দ্রে দূর থেকে প্রবেশের সুযোগ নিয়ে চীনা এআই নির্মাতারাও এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন।

এদিকে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক গত এক মাসে প্রায় ৭ দশমিক ৬ শতাংশ মূল্য হারিয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে এনভিডিয়ার শেয়ারের দরপতন। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার এশিয়ার যেসব শেয়ারবাজারে এআই খাতের প্রভাব বেশি, সেগুলোতেও দরপতন দেখা গেছে। অ্যানথ্রপিকের আইপিও নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হলেও সকালে লেনদেনে দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকংয়ের হ্যাং সেং এবং তাইওয়ানের তাইএক্স সূচক নিম্নমুখী ছিল।

এআই খাতে বিনিয়োগকারীদের আস্থা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার আইপিও বিশেষজ্ঞ জে আর রিটার বলেছেন, অ্যানথ্রপিকের বর্তমান বাজারমূল্য যৌক্তিক প্রমাণ করতে প্রতিষ্ঠানটি কতটা মুনাফা করতে পারবে, তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। এসব বিষয়ের কিছু আবার প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণের বাইরে।

আলজাজিরাকে রিটার বলেন, ‘৩০ বছর আগে ইন্টারনেটকে পরবর্তী বড় প্রযুক্তি হিসেবে দেখা হয়েছিল। এটি আমাদের জীবন বদলে দিয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরবর্তী বড় প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে। এটিও আমাদের জীবন বদলে দেবে।’

রিটারের মতে, অ্যানথ্রপিকের এআই মডেলগুলোর মাধ্যমে ভবিষ্যতে ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা আবিষ্কারের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।

তিনি আরো বলেন, ‘২০০৪ সালে গুগল যখন শেয়ারবাজারে আসে, তখন কেউ জানত না যে প্রতিষ্ঠানটি অনলাইন সার্চের বাজারে আধিপত্য বিস্তার করতে পারবে কি না। লক্ষ্যভিত্তিক সার্চ বিজ্ঞাপন থেকে কতটা মুনাফা আসতে পারে, সে বিষয়েও কারো ধারণা ছিল না।’

ইয়র্কভিল আইভসের অংশীদার ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস মনে করেন, অ্যানথ্রপিকের আইপিওর শক্তিশালী সূচনা এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক নোটে তিনি বলেন, ‘প্রযুক্তি খাতের সামগ্রিক বিনিয়োগ নিয়ে যখন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে এবং এনভিডিয়াকে ঘিরে অনিশ্চয়তা পুরো খাতের ওপর ছায়া ফেলেছে, তখন অ্যানথ্রপিকের আইপিও প্রযুক্তি খাতের জন্য বড় ধরনের স্বস্তির খবর। এটি এআই বিপ্লবের প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।’

আইভস আরো বলেন, ‘বর্তমানে খাতটি অত্যন্ত অস্থির ও কঠিন সময় পার করছে। তবে আগামী কয়েক বছরে এআই বিপ্লবের জন্য ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনি ব্যয় হবে—এমন দীর্ঘমেয়াদি ধারণায় এর কোনো পরিবর্তন আসেনি। প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগের পরবর্তী ধাপের পথ তৈরি করছে এই পরিস্থিতি। আর সেই সম্প্রসারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে অ্যানথ্রপিক।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »