● ●


কিশোরকালে সোশ্যাল মিডিয়ার ব্যবহার
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিশোরকালে সোশ্যাল মিডিয়ার ব্যবহার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০: ৩৪

প্রযুক্তির বিকাশ মানবসভ্যতার ইতিহাসে বারবার একটি চিরায়ত প্রশ্ন তুলেছে : বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? (Blessing or Curse)। প্রাচীন গ্রিক দর্শনে ‘ফার্মাকন’ (Pharmakon) শব্দটি একসঙ্গে ওষুধ ও বিষ, দুটি অর্থই বহন করত। একই বস্তু মাত্রা ও প্রয়োগের ভিন্নতায় হতে পারে প্রতিষেধক, আবার হতে পারে বিষ। আজকের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম (Social Media) সেই পুরোনো প্রশ্নটিকে আমাদের সামনে নতুন করে হাজির করেছে, এবার আমাদের শিশু-কিশোরদের কাঁধে ভর করে। এই প্রেক্ষাপটে হাইকোর্টের সাম্প্রতিক একটি নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

২২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রহমান রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দিয়েছেন। আদেশে দেশে ১৬ বছর বা তার কম বয়সি শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও সুপারিশ করা হয়েছে। ডাক ও যোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি আদালত জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে প্রশ্নেরও জবাব দিতে হবে চার সপ্তাহের মধ্যে। রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

রুল জারির অর্থ হলো, আদালত চূড়ান্ত রায় দেননি; বিবাদীদের কাছে জবাব চেয়েছেন। অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন সুযোগ রয়েছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়ার। চার সপ্তাহের এই সময়সীমা তাই একটি সুযোগও বটে, আবার একটি পরীক্ষাও বটে। দেখার বিষয় হবে, রাষ্ট্র এই সুযোগকে কাজে লাগিয়ে বাস্তব নীতিমালার দিকে এগোয়, নাকি একে আরো একটি আইনি আনুষ্ঠানিকতা হিসেবে দেখে।

এই আদেশের তাৎপর্য শুধু আইনি নয়, এর রাষ্ট্রচিন্তাগত দিকও রয়েছে। আধুনিক রাষ্ট্রে নীতি প্রণয়নের প্রধান দায়িত্ব নির্বাহী বিভাগের। কিন্তু যখন নির্বাহী বিভাগ সময়মতো সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন বিচার বিভাগের হস্তক্ষেপ একটি নীতি-শূন্যতা (Policy Vacuum) পূরণের পথ খুলে দেয়। রিটকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, দেশে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং এর ফলে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এতে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে।

বিষয়টি যে শুধু আবেগ বা অনুমানের ওপর দাঁড়িয়ে নেই, তার প্রমাণ মিলবে তথ্যে। রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় থেকে ১৪ বছর বয়সি ৪২০টি শিশুর ওপর পরিচালিত এই গবেষণায় তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। গবেষণার ফল দেখাচ্ছে, ঢাকায় স্কুলপড়ুয়া শিশুদের ৮৩.৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ ৪২০ জনের মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে। অংশগ্রহণকারী শিশুদের প্রতিদিন গড়ে ৪.৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্যও পাওয়া গেছে। ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ এই গবেষণার ফল প্রকাশিত হয়। বলার অপেক্ষা রাখে না, শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের এ সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।

এই পরিসংখ্যান থেকে যে চিত্র ফুটে ওঠে, তা উদ্বেগজনক। প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি প্রতিদিন দুই ঘণ্টার বেশি পর্দার সামনে থাকছে, আর গড় সময় সাড়ে চার ঘণ্টারও বেশি। একটি শিশুর দিনের দীর্ঘ একটি অংশ যদি এভাবে পর্দায় কেটে যায়, তাহলে খেলাধুলা, পারিবারিক সময় ও শারীরিক কার্যকলাপের জায়গা কোথায় থাকে, সে প্রশ্ন অনিবার্য। এটি শুধু সংখ্যার হিসাব নয়; এটি একটি প্রজন্মের দৈনন্দিন জীবনযাপনের ধরন বদলে যাওয়ার ইঙ্গিত।

সেই পুরোনো ঐতিহাসিক গল্প ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ?’ আজ আমাদের বাস্তবতায় নতুন রূপে ফিরে এসেছে। আমাদের শহরে খেলাধুলার মাঠ নেই। স্কুলগুলো কবুতরের খোপের মতো, যেখানে ব্যায়ামের সুযোগ প্রায় অনুপস্থিত। এমন পরিবেশে শিশু-কিশোরদের সামনে বিনোদনের সবচেয়ে সহজলভ্য উপায় হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। ছেলেরা শুধু তা নিয়েই পড়ে থাকে। মাঠের অভাব, শারীরিক কসরতের অভাব এবং হাতের নাগালে থাকা পর্দা, এই তিনের সম্মিলনেই সংকটটি ঘনীভূত হচ্ছে।

আমি পথ চলতে চলতে লক্ষ্য করি, যুবক, ছেলে, পুরুষ, সবাই কেমন মোবাইল ফোনে মগ্ন। দোকানদার দোকান ফেলে রেখে মোবাইল ফোন ব্যবহার করে, ছাত্র তার শিক্ষা ও লেখাপড়া ফেলে রেখে মোবাইল ফোনে সময় কাটায়। এই দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়, বরং সর্বত্র দৃশ্যমান। সুতরাং এটি শুধু শিশু-কিশোরদের ব্যক্তিগত অভ্যাসের প্রশ্ন নয়; এটি একটি সামাজিক সমস্যা। মোবাইল ফোন আজ এক অসম্ভব রকমের ব্যাধিতে, সামাজিক ব্যাধিতে (Social Disease) পরিণত হয়েছে। যখন একটি আচরণ ব্যক্তির সীমা ছাড়িয়ে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, তখন তার সমাধানও আর ব্যক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না; তার জন্য প্রয়োজন সামষ্টিক ও রাষ্ট্রীয় উদ্যোগ।

সামাজিক ব্যাধি বলতে আমি বোঝাতে চাই এমন একটি সমস্যা, যা ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে একসময় সমগ্র সমাজকে আক্রান্ত করে। এর সংক্রমণ ঘটে অনুকরণের মাধ্যমে। শিশু দেখে বড়রা মোবাইলে ডুবে আছে, তাই সে-ও মোবাইল চায়। বড়রা যখন নিজেরাই সময়ের একটি বড় অংশ পর্দার সামনে কাটান, তখন শিশুর কাছে সেটিই স্বাভাবিক আচরণ হয়ে ওঠে। এজন্য সমস্যাটির সমাধান খুঁজতে গেলে শুধু শিশুদের নয়, পুরো সমাজের দিকেই তাকাতে হবে।

এখানে পাশ্চাত্যের অভিজ্ঞতা প্রণিধানযোগ্য। সেখানে ১৪ বা ১৬ বছরের কম বয়সিদের জন্য আইনি বিধিনিষেধ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিপরীত চিত্র দেখছি। আমাদের দেশে ছয়-সাত বছরের বাচ্চাদের হাতেও মোবাইল তুলে দেওয়া হয়, খেলতে দেওয়া হয়। এভাবেই একটু একটু করে সর্বনাশ ঘনিয়ে আসছে। যে বয়সে একটি শিশুর মাঠে দৌড়ানোর, বন্ধুদের সঙ্গে মেশার, গল্পের বই পড়ার কথা, সেই বয়সে সে বন্দি হয়ে পড়ছে পর্দার ভেতরে। এর ফল হিসেবে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা তৈরি হচ্ছে, যা রিট আবেদনেও উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশ নিয়ে আলোচনায় একটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। আদালত শুধু কার্যকর নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণের কথা বলেছেন। প্রভাব নিরূপণ মানে হলো বিষয়টিকে অনুমানের ওপর নয়, প্রমাণের ওপর দাঁড় করানো। এটি নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, কারণ প্রমাণভিত্তিক নীতি (Evidence-based Policy) সমাজে গ্রহণযোগ্যতা পায় এবং টেকসইও হয়।

এই অবস্থায় আমি তিনটি বিষয়ের ওপর জোর দিতে চাই—

১. প্রথমত, হাইকোর্ট যে উদ্যোগ নিয়েছে, তা কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এই আদেশের মাধ্যমে বিষয়টির প্রতি রাষ্ট্র, সমাজ ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। আদালতের আদেশ যদি শুধু সংবাদ হয়ে থাকে, তাহলে তার উদ্দেশ্য সফল হবে না। একে একটি জাতীয় আলোচনায় রূপ দিতে হবে।

২. দ্বিতীয়ত, একটি আইন হিসেবে একটি সুপরিকল্পিত নীতিমালা জাতির সামনে উপস্থাপিত হওয়া দরকার। এই নীতিমালা হতে হবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, যেখানে সাইবার নিরাপত্তা, শিশু মনোবিজ্ঞান, শিশুস্বাস্থ্য ও আইনের দৃষ্টিকোণ একসঙ্গে প্রতিফলিত হবে। হাইকোর্ট বিশেষজ্ঞ কমিটি গঠনের যে সুপারিশ করেছে, তা এই দিক থেকে যথার্থ।

৩. তৃতীয়ত, শুধু প্রণীত হলেই হবে না; নীতিমালা কার্যকর হওয়া দরকার, সব জায়গায় প্রযোজ্য হওয়া দরকার। আইন হিসেবে বেরোলে অন্তত কিছুটা বাধাগ্রস্ত হবে, হয়তো কিছু উন্নতি হবে।

এই তৃতীয় বিষয়টি নীতি-বিশ্লেষণের একটি পুরোনো শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ। জনপ্রশাসন ও নীতিবিজ্ঞানে প্রেসম্যান ও উইলডাভস্কির বিখ্যাত পর্যবেক্ষণ হলো, নীতি প্রণয়ন এক জিনিস আর তার বাস্তবায়ন (Implementation) সম্পূর্ণ আরেক জিনিস। কাগজে-কলমে চমৎকার নীতিমালা থাকলেও মাঠপর্যায়ে তার প্রয়োগ না হলে সেটি শুধু দলিল হয়ে থাকে। আমাদের দেশে এমন নজির বিরল নয়। সুতরাং নীতিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে তার বাস্তবায়নের পথও সুস্পষ্ট হতে হবে।

আরো একটি বিষয় গভীরভাবে ভাবার আছে। যে সমাজে খেলার মাঠ নেই, ব্যায়ামের সুযোগ নেই, সেই সমাজে শিশুদের হাত থেকে মোবাইল সরিয়ে নেওয়া সহজ নয়। আইন একটি প্রয়োজনীয় ভিত্তি, কিন্তু শুধু আইনই যথেষ্ট নয়; আইনের পাশাপাশি এই সমস্যার সামাজিক ও কাঠামোগত দিকগুলোও আমাদের বিবেচনায় রাখতে হবে। তবে আইন না থাকলে যে শূন্যতা থাকে, সেই শূন্যতা আইন দিয়েই প্রথমে পূরণ করতে হবে। কারণ আইন একটি সীমারেখা টেনে দেয়, সমাজকে জানিয়ে দেয় কোনটি গ্রহণযোগ্য, আর কোনটি নয়।

সর্বোপরি, একটি সংকট তখনই সংকট হিসেবে স্বীকৃত হয়, যখন সমাজ তাকে সংকট বলে চিনতে পারে। আজ আমরা মোবাইল ফোনের ব্যবহারকে এতটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছি যে এর ক্ষতির দিকটি আমাদের চোখে পড়ে না। হাইকোর্টের এই আদেশ সেই চোখ খোলার একটি সুযোগ তৈরি করেছে। এই সুযোগ হেলায় হারালে তার মূল্য দিতে হবে আমাদের সন্তানদেরই।

সবশেষে বলতে হয়, হাইকোর্টের এই নির্দেশ একটি সন্ধিক্ষণে এসেছে। একটি প্রজন্ম আজ পর্দার ভেতরে বেড়ে উঠছে, যার ফল আমরা হয়তো আগামী দশ-পনেরো বছরে পুরোপুরি দেখব। সেই ফল যেন আশীর্বাদ হয়, অভিশাপ নয়, তার জন্য এখনই সময় সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার। নীতিমালা প্রণয়ন, তার আইনি রূপ এবং কার্যকর বাস্তবায়ন, এই তিনটি ধাপেই রাষ্ট্র, অভিভাবক, শিক্ষক ও সমাজকে একযোগে দায়িত্ব নিতে হবে। না হলে সর্বনাশ আরো গভীর হবে।

লেখক : প্রাক্তন অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »