
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ০৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার মধ্য রাতে চুয়েটে ‘বয়কট শরীফুল’ স্লোগানে মিছিল করে শিক্ষার্থীরা। অপর দিকে বুধবার সকালে অনুষ্ঠিত এক সভায় চুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
তারা বলছেন, দিন দিন চুয়েটের সংকট প্রকট আকার ধারণ করছে এবং বিভিন্ন সেক্টরে সংকট বাড়ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। চুয়েটে ৯৫ জন অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগ করে সংকট সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
চুয়েট সূত্র জানায়, চুয়েটে চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে মঙ্গলবার রাতে এক জরুরি মতবিনিময় সভা করে শিক্ষার্থীরা। সভাটি মধ্যরাতে শেষ হয়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।
মিছিলটি স্বাধীনতা চত্বর হয়ে টিএসসির পিছনে এসে শেষ হয়। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানবো না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ওই মতবিনিময় সভায় উপাচার্য বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান বলেন, দীর্ঘদিন ধরে চুয়েটের অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে উপাচার্য পদে শেখ শরীফুল আলমকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মতামতকেও উপেক্ষা করা হয়েছে। তাকে অপসারণ করতে হবে এবং দাবি না মানলে আমরা অনঢ় থাকব।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জরুরি সাধারণ সভা করেছে চুয়েট শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয়গুলো সমিতির সদস্যদের অবহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
জানা যায়, বুধবারের সভায় ভিসি পদ থেকে শেখ শরীফুল আলমকে অপসারণের দাবি থেকে সরে এসেছে শিক্ষক সমিতি। তারা এখন চুয়েটের ভেতর থেকেই নতুন উপাচার্য নিয়োগের বিকল্প দাবি তুলে ধরেছে।
চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান বলেন, যত দিন যাচ্ছে তত চুয়েটের সমস্যা ঘনীভূত হচ্ছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, যেন দ্রুত সরকার সংকট নিরসন করে। আমাদের ৯৫ জন অধ্যাপক আছে।
সরকার অধ্যাপক আবু সাদাত সায়েমকেও ভিসি করতে পারেন। আবার চুয়েটের যে কোনো অধ্যাপককেও নিয়োগ করতে পারেন। আমাদের দাবি সরকার যেন চুয়েটের মধ্যে থেকে ভিসি নিয়োগ করে। তাহলে অধিকাংশ সংকট কেটে যাবে। ভিসি পদটি আবাসিক পদ উল্লেখ করে তিনি বলেন, চুয়েটের ২০০৩ সালের সংবিধান অনুসারে একজন অধ্যাপক প্রকৌশলী শিক্ষককে দায়িত্ব দেয়া হোক।
শিক্ষকরা জানান, চলমান সংকটের ফলে গত দেড় মাস ধরে বিশ্ববিদ্যালয়ে একপ্রকার অস্থিরতা বিরাজ করছে। শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সবকিছুতে স্থবিরতা বিরাজ করছে। বেশ কয়েকটি বিভাগের পরীক্ষাও ইতিমধ্যে পেছানো হয়েছে। এতে ওই সব সেশনের শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনসহ পুরো বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে পড়ে। এর মধ্যে চুয়েটের উপাচার্য গত ১২ অক্টোবর তালা ভেঙে ছাত্রদল নেতাদের সঙ্গে নিজ কক্ষে প্রবেশ করেন। তবে সেখানে তাকেসহ তার ১১ জন সঙ্গীকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে। ৩৬ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশ তাকে উদ্ধার করে আনে। গত ২৮ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ইচ্ছায় চুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে এখনও উপাচার্য ভবনে তালা ঝুলছে। এতে আর্থিক অনুমোদনগত জটিলতা প্রকট আকার ধারণ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন