● ●


তাইওয়ানের স্থানীয় নির্বাচন ঘিরে কিছু প্রশ্ন
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাইওয়ানের স্থানীয় নির্বাচন ঘিরে কিছু প্রশ্ন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ৫৪

তাইওয়ানে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রতি জনগণের সমর্থনের চিত্র পাওয়া যাবে। নির্বাচনটি মূলত স্থানীয় সরকারকেন্দ্রিক হলেও এর ফলাফল ২০২৮ সালের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দুই দলের রাজনৈতিক কৌশল এবং প্রার্থী মনোনয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দ্বীপটির ২২টি শহর ও কাউন্টিতে মোট ১১ হাজার ৫১টি পদে প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন প্রায় ২ কোটি ভোটার। স্থানীয় নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি এই নির্বাচন দুই প্রধান রাজনৈতিক দলের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনটির রাজনৈতিক গুরুত্ব ও সম্ভাব্য প্রভাব নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।

১. তাইওয়ানের স্থানীয় নির্বাচনে কী নির্ধারিত হয়?

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় তাইওয়ানের স্থানীয় সরকার নির্বাচন। এর মাধ্যমে দেশটির ২২টি শহর ও কাউন্টির মেয়র ও প্রধান নির্বাহী নির্বাচিত হন। পাশাপাশি সিটি ও কাউন্টি কাউন্সিলর, ওয়ার্ডপ্রধানসহ বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিও নির্বাচিত করেন ভোটাররা।

নির্বাচনের ব্যাপকতা ও বিপুলসংখ্যক পদ একে দেশটির রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষায় পরিণত করেছে। শনিবার সন্ধ্যার মধ্যেই ভোটের ফলাফল স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসব পদ মূলত স্থানীয় প্রশাসন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট হলেও নির্বাচনের ফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে। কোনো দলের ভালো ফলাফল দলটির নেতৃত্বকে শক্তিশালী করতে পারে, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের অবস্থান মজবুত করতে পারে এবং পরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে নতুন গতি আনতে পারে।

২. নির্বাচনের প্রধান ইস্যু কী? আলোচনায় কি চীন রয়েছে?

নির্বাচনী প্রচারে প্রধানত স্থানীয় বিভিন্ন সমস্যা গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহনব্যবস্থা, পরিবেশনীতি ও জনসেবা। জাতীয় নির্বাচনের তুলনায় চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি এবার প্রচারে কিছুটা কম গুরুত্ব পেয়েছে।

বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে দ্বীপটি নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। স্থানীয় মেয়র, কাউন্টি প্রধান কিংবা কাউন্সিলররা সরাসরি চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক নির্ধারণ করেন না।

এবারের নির্বাচনে জ্বালানিনীতিও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিরোধী দলের উদ্যোগে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এতে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে ফিরে যাওয়া এবং পারমাণবিক বিদ্যুৎমুক্ত ভূখণ্ড গড়ে তোলার সরকারি নীতি পরিত্যাগের বিষয়ে ভোট দেবেন নাগরিকেরা।

তাইওয়ান সরকার ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে। ২০২৫ সালে দ্বীপটির সর্বশেষ চালু থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। ফলে জ্বালানির ভবিষ্যৎ উৎস নির্ধারণে জনমত কতটা পরিবর্তিত হয়েছে, তা বোঝার ক্ষেত্রে এই গণভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৩. ২০২২ সালের স্থানীয় নির্বাচনে কী ঘটেছিল?

২০২২ সালের সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছিল বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)। দলটি ২২টি শহর ও কাউন্টির মধ্যে ১৪টিতে জয়লাভ করে। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) মাত্র পাঁচটি অঞ্চলে জয় পায়।

তাইওয়ান পিপলস পার্টি দুটি অঞ্চলে জয়ী হয়। বাকি একটি অঞ্চলে জয় পান স্বতন্ত্র প্রার্থী। ওই নির্বাচনের ফল ডিপিপির জন্য বড় ধাক্কা ছিল। জাতীয় রাজনীতিতে অবস্থান শক্তিশালী হলেও স্থানীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনে দলটিকে ঐতিহাসিকভাবেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

এবারের নির্বাচনে দেখা যাবে, স্থানীয় পর্যায়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে কি না কেএমটি। একই সঙ্গে ক্ষমতাসীন দল জনসমর্থন পুনরুদ্ধারে কতটা সফল হয়েছে, সেটিও স্পষ্ট হবে। নির্বাচনের ফল ২০২৮ সালের জাতীয় নির্বাচনে দুই দলের কৌশল নির্ধারণেও ভূমিকা রাখতে পারে।

৪. কোন কোন এলাকার নির্বাচনের দিকে বিশেষ নজর থাকবে?

তাইওয়ানের সবচেয়ে বড় ও জনবহুল ছয়টি পৌরসভায় নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল। এসব এলাকার ফলাফল জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে রাজধানী তাইপের মেয়র নির্বাচন। সেখানে বর্তমান মেয়র ও কেএমটি প্রার্থী চিয়াং ওয়ান-আনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিপিপির প্রার্থী পুমা শেন। তিনি একজন শিক্ষাবিদ থেকে রাজনীতিতে আসা আইনপ্রণেতা। চীনের অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বিশেষজ্ঞ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা নিউ তাইপে। বর্তমানে এই পৌরসভা কেএমটির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে জনবহুল এই এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কি না, তা বিরোধী দলটির জন্য বড় পরীক্ষা।

দক্ষিণাঞ্চলের কাওশিয়ুং শহরও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যগতভাবে ডিপিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরে এবার জোরালো প্রচার চালাচ্ছে কেএমটি।

তবে নির্বাচনের আগে জনমত যাচাইয়ের সুযোগ সীমিত। তাইওয়ানের আইন অনুযায়ী, ভোটের আগের ১০ দিন কোনো জনমত জরিপ প্রকাশ করা নিষিদ্ধ। ফলে নির্বাচনের শেষ মুহূর্তের জনসমর্থন সম্পর্কে নির্ভরযোগ্য জরিপের তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

৫. ২০২৮ সালের নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে এই ফলাফল?

২০২৮ সালের শুরুতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে তাইওয়ানের রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশ চলছে। স্থানীয় নির্বাচনের ফল সেই রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তাইওয়ানের সংবিধান অনুযায়ী, দ্বিতীয় মেয়াদই হবে তাঁর শেষ মেয়াদ। অন্যদিকে কেএমটি এখনো তাদের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করেনি।

সাবেক সাংবাদিক ও বর্তমানে তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েনকে বিরোধী দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া তাইপের মেয়র চিয়াং ওয়ান-আনের নামও আলোচনায় রয়েছে। তবে ২০২৮ সালে কেএমটি প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধারে ব্যর্থ হলে ২০৩২ সালের নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শনিবারের নির্বাচনের ফল এসব সম্ভাব্য প্রার্থীর রাজনৈতিক অবস্থান শক্তিশালী কিংবা দুর্বল করতে পারে। স্থানীয় নির্বাচনে ভালো ফল পেলে জাতীয় নির্বাচনের কৌশল নিয়ে দলগুলোর আত্মবিশ্বাস বাড়বে। বিপরীতে প্রত্যাশার চেয়ে খারাপ ফল হলে দলের নেতৃত্ব ও প্রার্থী নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক তৈরি হতে পারে।

স্থানীয় নির্বাচনের গণ্ডি ছাড়িয়ে কেন গুরুত্বপূর্ণ এই ভোট?

তাইওয়ানের স্থানীয় নির্বাচন চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরাসরি গণভোট নয়। তবে দ্বীপটির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরবে এই নির্বাচন।

স্থানীয় প্রশাসন, জনসেবা ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন ডিপিপি এবং বিরোধী কেএমটির কর্মকাণ্ডকে ভোটাররা কীভাবে মূল্যায়ন করছেন, তা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে। একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক পরিবেশ কোন দিকে এগোচ্ছে, সে সম্পর্কেও প্রাথমিক ধারণা পাওয়া যাবে।

দুই দলের জন্যই চ্যালেঞ্জ শুধু মেয়র বা কাউন্টি প্রধানের পদে জয়ী হওয়া নয়; বরং স্থানীয় পর্যায়ের জনসমর্থনকে জাতীয় নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক সমর্থনে রূপান্তর করা। এ কারণে শনিবারের নির্বাচনকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ানের রাজনৈতিক শক্তির ভারসাম্য বোঝার একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও মডার্ন ডিপ্লোমেসি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »